সৌদি আরবের রাজধানী রিয়াদে প্রতিহত করা একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে একটি কিন্ডারগার্টেন ও চিকিৎসাকেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) দেশটির বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
সৌদি সিভিল ডিফেন্সের মুখপাত্র জানান, রিয়াদের আকাশে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত ও ধ্বংস করার পর এর কিছু অংশ মাটিতে পড়ে। এতে একটি কিন্ডারগার্টেন ও একটি মেডিকেল ক্লিনিক কমপ্লেক্সে বস্তুগত ক্ষয়ক্ষতি হয়েছে।
তবে এ ঘটনায় কেউ হতাহত হয়েছেন কি না, তা কর্তৃপক্ষের বিবৃতিতে জানানো হয়নি।
এর আগে বৃহস্পতিবার রিয়াদে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, রিয়াদের দিকে ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় খামিস মুশাইতের দিকে ছোড়া আরেকটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে।
ইরান-সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহীরা রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে। তবে সর্বশেষ হামলার বিষয়ে সৌদি কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে হুথিদের দাবি নিশ্চিত করেনি। হামলার পর বিমান চলাচলেও বিঘ্ন ঘটে।
চলতি সপ্তাহে সৌদি আরবের বিমানবন্দরগুলোতে হুথিদের হামলায় তিনজন নিহত ও ৩৬ জন আহত হয়েছেন বলে সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে।
সময়ের আলো/জেডি