বদলি ও সংযুক্তির আদেশের পর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে যোগদান করা শিক্ষকদের তথ্য দ্রুত ইন্টিগ্রেটেড প্রাইমারি এডুকেশন ম্যানেজমেন্ট সিস্টেমে (আইপিইএমআইএস) হালনাগাদ করার নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) প্রাথমিক শিক্ষা অধিদফতরের তথ্য ও ব্যবস্থাপনা বিভাগের পরিচালক (যুগ্মসচিব) মোহাম্মদ শহিদুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশ দেওয়া হয়।
চিঠিতে বলা হয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের গত ২১ জুনের স্মারকের পরিপ্রেক্ষিতে গঠিত কমিটির মাধ্যমে বর্তমানে উপজেলা, জেলা, বিভাগ ও জাতীয় পর্যায়ে শিক্ষক বদলি ও পদায়ন কার্যক্রম চলমান রয়েছে। ইতোমধ্যে বিভিন্ন পর্যায় থেকে বেশ কিছু বদলি ও সংযুক্তির আদেশ জারি করা হয়েছে।
তবে এসব আদেশের পর সংশ্লিষ্ট শিক্ষকেরা কর্মস্থলে যোগদান করলেও তাদের তথ্য আইপিইএমআইএসে হালনাগাদ না করায় বিভিন্ন ধরনের প্রশাসনিক জটিলতা তৈরি হচ্ছে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।
নির্দেশনায় বলা হয়, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও বিভাগীয় উপপরিচালকেরা নিজ নিজ আইডি ব্যবহার করে আইপিইএমআইএসে প্রবেশ করে তাদের অধিক্ষেত্রের শিক্ষকদের বদলি ও সংযুক্তির তথ্য হালনাগাদ করতে পারবেন।
এ ছাড়া বদলি বা সংযুক্তির আদেশসংক্রান্ত কোনো জটিলতা দেখা দিলে প্রাথমিক শিক্ষা অধিদফতরের পলিসি ও অপারেশন বিভাগের সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।
চিঠিতে বদলি ও সংযুক্তির আদেশের পর যোগদান করা শিক্ষকদের তথ্য সংযুক্তিতে উল্লেখিত ধাপ অনুসরণ করে আইপিইএমআইএসে অনতিবিলম্বে হালনাগাদ করার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ করা হয়।
সময়ের আলো/এসএকে