ভারতের পাঁচটি বিধানসভা আসন ও একটি লোকসভা আসনের উপনির্বাচনে ভোট গণনা শুরু হয়েছে। তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ ও পুদুচেরির বিধানসভা আসনগুলোর পাশাপাশি আসামের নগাঁও লোকসভা আসনের ফলও প্রকাশ করা হবে। এসব নির্বাচনের ফলকে ঘিরে আঞ্চলিক রাজনীতিতে নতুন সমীকরণের সম্ভাবনা তৈরি হয়েছে।
তামিলনাড়ুতে মুখ্যমন্ত্রী বিজয়ের জনপ্রিয়তার পরীক্ষা, পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন বিজেপি ও বিভক্ত তৃণমূল কংগ্রেসের অবস্থান এবং আসামে নগাঁও আসনের লড়াই—সব মিলিয়ে উপনির্বাচনগুলোর ফলের দিকে নজর রাজনৈতিক মহলের।
তামিলনাড়ুতে বিজয়ের পরীক্ষা
তামিলনাড়ুর মাদুরান্থাকাম ও ধারাপুরম বিধানসভা আসনে ভোট গণনা হচ্ছে। রাজ্যটির মুখ্যমন্ত্রী বিজয়ের দল তামিলাগা ভেট্ট্রি কাজাগামের (টিভিকে) জন্য এই নির্বাচন গুরুত্বপূর্ণ। বিধানসভা নির্বাচনে ১০৮টি আসন পেয়ে সরকার গঠন করলেও সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় ১১৮ আসনের চেয়ে পিছিয়ে ছিল দলটি।
ক্ষমতায় আসার পাঁচ মাসের মাথায় এই উপনির্বাচন বিজয়ের জনপ্রিয়তা যাচাইয়ের সুযোগ হিসেবে দেখা হচ্ছে। এপ্রিলে দুই আসনেই জয় পেয়েছিল এআইএডিএমকে। পরে দলটির দুই বিধায়ক টিভিকেতে যোগ দেন। এখন আসন দুটি পুনরুদ্ধার করতে চাইছে এআইএডিএমকে। অন্যদিকে, নিজেদের অবস্থান শক্ত করতে চায় বিজয়ের দল এবং প্রত্যাবর্তনের আশা করছে এম কে স্ট্যালিনের ডিএমকে।
পশ্চিমবঙ্গে নজর নন্দীগ্রামে
পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম এবং মুর্শিদাবাদের রেজিনগর বিধানসভা আসনে ভোট গণনা চলছে। নজিরবিহীন নিরাপত্তার মধ্যে এই দুই আসনে ভোট গ্রহণ করা হয়েছিল।
২০২৬ সালের বিধানসভা নির্বাচনে ১৫ বছরের তৃণমূল কংগ্রেস শাসনের অবসান ঘটিয়ে বিজেপি ক্ষমতায় আসার পর এই উপনির্বাচনের ফল বিশেষ গুরুত্ব পাচ্ছে। পাশাপাশি তৃণমূলের বিভক্তি এবং একাধিক রাজনৈতিক শক্তির উপস্থিতিতে বিরোধী রাজনীতির ভবিষ্যৎ নিয়েও আগ্রহ তৈরি হয়েছে।
নন্দীগ্রামে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সঞ্চিতা প্রধান দে শেষ মুহূর্তে মনোনয়ন প্রত্যাহার করায় লড়াইটি আরও আলোচনায় এসেছে। বিজেপি প্রার্থী করেছে হাসিরানি রথকে। কংগ্রেসের প্রার্থী মিলন প্রধানকে সমর্থন করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূলের একটি অংশ। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূলের আরেকটি অংশও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে।
সঞ্চিতা প্রধান দে হলেন প্রয়াত চন্দ্রনাথ রথের মা। চন্দ্রনাথ ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী। গত ৬ মে মধ্যমগ্রামে তাঁকে হত্যা করা হয়।
দুই আসনেই উল্লেখযোগ্যসংখ্যক মুসলিম ভোটার রয়েছেন, যা ঐতিহাসিকভাবে তৃণমূলের শক্তির একটি ভিত্তি। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী উপনির্বাচনকে সংখ্যালঘুদের জন্য পরীক্ষা হিসেবে বর্ণনা করায় বিরোধীদের সমালোচনার মুখে পড়েছেন।
আসামে ত্রিমুখী লড়াই
আসামের নগাঁও লোকসভা আসনে উপনির্বাচনের ফলও প্রকাশ করা হবে। কংগ্রেসের প্রবীণ নেতা প্রদ্যুৎ বরদলৈ বিজেপিতে যোগ দিয়ে আসনটি ছেড়ে দেওয়ায় উপনির্বাচনের প্রয়োজন হয়।
এখানে বিজেপির প্রার্থী সাবেক উপায়ুক্ত দেবাশিস শর্মা, কংগ্রেসের প্রার্থী সাবেক বিধায়ক শিবামণি বরা এবং এআইইউডিএফের প্রধান বদরুদ্দিন আজমল প্রতিদ্বন্দ্বিতা করছেন। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে ধুবড়ি আসনে কংগ্রেসের রকিবুল হুসেনের কাছে হেরে সংসদের বাইরে চলে গিয়েছিলেন আজমল। এবার নগাঁও থেকে জিতে লোকসভায় ফিরতে চাইছেন তিনি।
এদিকে, পুদুচেরির থাট্টাঞ্চাভাদি বিধানসভা আসনেও ভোট গণনা চলছে। মুখ্যমন্ত্রী এন রঙ্গস্বামী মাঙ্গালাম আসনটি ধরে রাখতে থাট্টাঞ্চাভাদি আসন ছেড়ে দেওয়ায় সেখানে উপনির্বাচন অনুষ্ঠিত হয়।
সময়ের আলো/জেডি