ময়মনসিংহের গৌরীপুরে আড়াই বছরের এক শিশুকে বিষ খাইয়ে হত্যার অভিযোগে বাবা ও সৎমাকে গ্রেফতার করেছে পুলিশ। পরকীয়া ও পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ড ঘটে বলে অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে উপজেলার বোকাইনগর ইউনিয়নের বীরপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তারা হলেন শিশুটির বাবা আব্দুল কাদির ও সৎমা আকলিমা খাতুন। নিহত ওয়াসকুরুনি ইসলাম ওই দম্পতির সন্তান।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে সৎমা আকলিমা শিশুটিকে ডিম ও পানি খাইয়ে ঘুম পাড়ানোর জন্য বিছানায় শুইয়ে দেন। কিছু সময় পর শিশুটির কাশির শব্দ শুনে দাদি আছিয়া আক্তার ঘরে গিয়ে তাকে বাইরে নিয়ে আসেন এবং মুখ থেকে বিষের গন্ধ পান। পরে পরিবারের অন্য সদস্যরা শিশুটিকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।
নিহত শিশুর মা শেফালী আক্তার জানান, ১৫ বছর আগে আব্দুল কাদিরের সঙ্গে তার বিয়ে হয়। এক বছর ধরে স্বামীর পরকীয়া ও দ্বিতীয় বিয়েকে কেন্দ্র করে সংসারে অশান্তি শুরু হয়। স্বামীর ঋণ পরিশোধ করতে তিনি ঢাকার একটি পোশাক কারখানায় চাকরি নেন। তার অনুপস্থিতিতে স্বামী ও সৎমা মিলে পরিকল্পিতভাবে ছোট ছেলেকে বিষ খাইয়ে হত্যা করেছেন এবং গোপনে দাফনের চেষ্টা চালিয়েছিলেন।
গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান জানান, শিশুটির মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। এ ঘটনায় নিহতের মায়ের করা অভিযোগ মামলা হিসেবে নথিভুক্ত করে অভিযুক্ত দুজনকে গ্রেফতার করা হয়েছে।
সময়ের আলো/জোই