যুবদল নেতার বাড়িতে কাফনের কাপড় ও ‘জয় বঙ্গবন্ধু’ লেখা চিরকুট

নরসিংদী সংবাদদাতা

সারাদেশ

নরসিংদীর মাধবদীতে এক যুবদল নেতার বাড়ির প্রধান ফটকের সামনে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লেখা একটি চিরকুটসহ কাফনের কাপড়, আগরবাতি ও

2026-10-09T12:16:24+00:00
2026-10-09T12:16:24+00:00
 
  শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬,
২৪ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
সারাদেশ
যুবদল নেতার বাড়িতে কাফনের কাপড় ও ‘জয় বঙ্গবন্ধু’ লেখা চিরকুট
নরসিংদী সংবাদদাতা
প্রকাশ: শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬, ১২:১৬ পিএম 
‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লেখা একটি চিরকুটসহ কাফনের কাপড়, আগরবাতি ও গোলাপজল। ছবি : সংগৃহীত
নরসিংদীর মাধবদীতে এক যুবদল নেতার বাড়ির প্রধান ফটকের সামনে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লেখা একটি চিরকুটসহ কাফনের কাপড়, আগরবাতি ও গোলাপজল রেখে যাওয়ার অভিযোগ উঠেছে। চিরকুটে প্রাণনাশের হুমকি দেওয়ার পাশাপাশি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী না হওয়ার জন্য চাপ দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন ওই নেতা। 

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যার পর নরসিংদী সদর উপজেলার আমদিয়া ইউনিয়নের বনাইদ গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী মোবারক হোসেন (৫০) আমদিয়া ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক। তিনি বনাইদ গ্রামের নুরুল ইসলামের ছেলে এবং পেশায় একজন ব্যবসায়ী।

মোবারক হোসেন জানান, ঘটনার সময় তিনি ব্যবসায়িক কাজে ঢাকায় ছিলেন। বাড়ি থেকে ফোনে বিষয়টি জানার পর দ্রুত ফিরে আসেন। পরে স্থানীয় দলীয় নেতা-কর্মীদের জানানোর পাশাপাশি পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে একটি শপিং ব্যাগের ভেতর থেকে সাদা কাফনের কাপড়, গোলাপজল, আগরবাতি ও চিরকুট উদ্ধার করে। রাত ১০টার দিকে আলামতগুলো থানায় নেওয়া হয়।

মোবারক হোসেনের অভিযোগ, চিরকুটে তাকে গালাগালি করা হয়েছে এবং আসন্ন ইউপি নির্বাচনে ৩ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী মোশাররফ মেম্বারের বিপক্ষে প্রার্থী না হতে হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনা কাউকে জানালে প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়েছে বলে দাবি তার।

এ ঘটনায় মাধবদী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন মোবারক হোসেন। তিনি বলেন, ‘ঘটনার পর থেকে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। কারা এ ঘটনা ঘটিয়েছে, তা আমি জানি না। আমি ঘটনার সুষ্ঠু তদন্ত ও নিরাপত্তা চাই।’


আমদিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আইনুল হক মিয়া বলেন, ‘কে বা কারা যেন চিরকুট লিখে মোবারক হোসেনকে প্রাণনাশের হুমকি দিয়েছে। আমরা ঘটনার সঠিক তদন্ত, জড়িত ব্যক্তিদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।’ 

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামাল হোসেন বলেন, খবর পাওয়ার পরপরই মোবারক হোসেনের বাড়িতে পুলিশ পাঠানো হয়। সেখান থেকে উদ্ধার করা আলামত থানায় নেওয়া হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

সময়ের আলো/জেডি 

  বিষয়:   যুবদল নেতা  কাফনের কাপড়  চিরকুট  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: