মাগুরায় একটি বাসায় অভিযান চালিয়ে ২৮ হাজার পিস ইয়াবা, নগদ ১৯ লাখ ৫৮ হাজার ১০০ টাকা, খেলনা পিস্তল, ওয়াকিটকি ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করেছে এসআরবি-৬-এর ঝিনাইদহ ক্যাম্প। এ সময় রাশেদ শেখ (৪১) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তবে অভিযানের সময় মাদক কারবারের মূল হোতা হিসেবে উল্লেখ করা দীপ্ত কুমার বিশ্বাস ওরফে সুমন পালিয়ে গেছেন বলে জানিয়েছে সংস্থাটি।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) দিবাগত রাতে মাগুরা সদর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কলেজপাড়া এলাকার স্বপ্নবিলাস নামের একটি ভবনের চতুর্থ তলায় অভিযান চালিয়ে এসব মাদক ও সরঞ্জাম উদ্ধার করা হয়।
আটক রাশেদ শেখ ঝিনাইদহের শৈলকূপা উপজেলার মালিপাড়া গ্রামের মোস্তফা শেখের ছেলে।
এসআরবি-৬-এর ঝিনাইদহ ক্যাম্পের বিজ্ঞপ্তিতে বলা হয়, দীপ্ত কুমার বিশ্বাস ওরফে সুমন ওই ভবনের চতুর্থ তলায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। তাকে ইয়াবা ও মাদক কারবারের মূল হোতা হিসেবে উল্লেখ করা হয়েছে। অভিযানকালে সংস্থাটির উপস্থিতি টের পেয়ে তিনি পালিয়ে যান। পরে ওই বাসা থেকে রাশেদ শেখকে আটক করা হয়।
অভিযানে ২৮ হাজার পিস ইয়াবা, একটি খেলনা পিস্তল, টাকা গণনার একটি মেশিন, একটি প্রিন্টার, চারটি ল্যাপটপ, ওয়াকিটকি, প্রেস বুম মাইক্রোফোন এবং মাদক বিক্রির ১৯ লাখ ৫৮ হাজার ১০০ টাকা উদ্ধার করা হয়।
এসআরবি-৬ ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ইমামীম মুবিন সরকার সুমন জানান, এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করার প্রস্তুতি চলছে। উদ্ধার করা মাদক, নগদ টাকা ও অন্যান্য সরঞ্জাম এসআরবি হেফাজতে রয়েছে।
সময়ের আলো/জোই