ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় নির্মাণাধীন বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতার মালা দিয়ে অবমাননার ঘটনায় আব্দুর রহমান ওরফে সম্রাট (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (৬ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে শহরের কাঞ্চননগর এলাকা থেকে তাকে আটক করে ঝিনাইদহ সদর থানা পুলিশ। আটক আব্দুর রহমান ওরফে সম্রাট ঝিনাইদহ পৌর শহরের কাঞ্চননগর এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, ভাস্কর্যে জুতার মালা পরিয়ে অবমাননার ঘটনার পর থেকেই জড়িতদের শনাক্ত ও আটকের জন্য অভিযান চালানো হচ্ছিল। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে কাঞ্চননগর এলাকায় অভিযান চালিয়ে সম্রাটকে আটক করা হয়।
পুলিশ আরও জানায়, ঘটনাস্থলের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে ওই যুবককে শনাক্ত করা হয়েছে।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন বলেন, ঘটনার পর থেকেই জড়িত ব্যক্তিকে আটকের জন্য পুলিশ অভিযান চালিয়ে আসছিল। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে কাঞ্চননগর এলাকা থেকে তাকে আটক করা হয়েছে। সিসিটিভি ফুটেজ দেখে তাকে শনাক্ত করা হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সময়ের আলো/জোই