ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার একটি এলাকায় মুসলিম বাসিন্দাদের পানীয় জল সরবরাহ না করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের হস্তক্ষেপ চেয়ে চিঠি দিয়েছেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সংসদ সদস্য সমীরুল ইসলাম।
শুক্রবার (৯ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে চিঠির অনুলিপি প্রকাশ করে বিষয়টি জানান তিনি। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
সমীরুল ইসলামের অভিযোগ, কলকাতার জ্যোতি নগর কলোনিতে মূলত মুসলিম জনগোষ্ঠীর বসবাস হওয়ায় সেখানকার বাসিন্দাদের পানীয় জল সরবরাহ বন্ধ রাখা হয়েছে। তার দাবি, বাসিন্দারা ক্ষমতাসীন বিজেপির তথাকথিত ‘ভোট ব্যাংক’ না হওয়ায় তাদের এই পরিস্থিতির মুখে পড়তে হচ্ছে।
চিঠিতে তৃণমূলের এই সাংসদ উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে পর্যাপ্ত পানীয় জল থেকে বঞ্চিত থাকা কোনো সাধারণ পৌরসেবা-সংক্রান্ত সমস্যা নয়; বরং এটি মানুষের মৌলিক মানবাধিকারের সঙ্গে সম্পর্কিত। নিরাপদ ও বিশুদ্ধ পানীয় জল এবং স্বাস্থ্যসম্মত পরিবেশ পাওয়ার অধিকার জাতিসংঘ স্বীকৃত মৌলিক মানবাধিকারের অংশ।
তিনি আরও বলেন, পানীয় জলের সংকট জ্যোতি নগর কলোনির বাসিন্দাদের স্বাস্থ্য, মর্যাদা ও উপযুক্ত জীবনযাপনের অধিকারকে সরাসরি ক্ষতিগ্রস্ত করছে। বাসিন্দারা কোনো বিশেষ সুবিধা দাবি করছেন না, বরং বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় মৌলিক অধিকারটুকু চাইছেন।
চিঠিতে পানীয় জলের দীর্ঘস্থায়ী সংকটের কারণে সম্ভাব্য স্বাস্থ্যঝুঁকি নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন সমীরুল ইসলাম। তাঁর আশঙ্কা, পরিস্থিতির অবনতি হলে সংক্রামক রোগ ছড়িয়ে পড়তে পারে। এতে বিশেষ করে দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর মানুষ গুরুতর স্বাস্থ্যঝুঁকিতে পড়তে পারেন।
জ্যোতি নগর কলোনির বাসিন্দাদের জন্য পর্যাপ্ত ও নিয়মিত পানীয় জলের ব্যবস্থা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কেন দীর্ঘদিন ধরে ব্যর্থ হচ্ছে, তা খতিয়ে দেখার আহ্বান জানিয়েছেন তিনি।
একই সঙ্গে এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রয়োজনীয় তথ্য ও জবাবদিহি চাওয়ার জন্য জাতিসংঘের মানবাধিকারবিষয়ক সংস্থার প্রতি আহ্বান জানিয়েছেন তৃণমূলের এই সংসদ সদস্য।
তবে পানীয় জল সরবরাহ বন্ধ রাখার অভিযোগ এবং এর পেছনে রাজনৈতিক বা ধর্মীয় বৈষম্য কাজ করছে কি না, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।
সময়ের আলো/ইউএমএইচ