বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের রাজনীতির সঙ্গে যুক্ত থাকার কারণে অন্তর্বর্তী সরকারের সময় অনেক আহত জুলাই যোদ্ধাকে গেজেটভুক্ত করা হয়নি বলে অভিযোগ করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যায় বগুড়া শহরের টিটু মিলনায়তনে জুলাই-২৪ গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত স্মরণসভা ও আলোচনা অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
ইশরাক হোসেন বলেন, অনেক আহত জুলাই যোদ্ধাকে শুধুমাত্র বিএনপি অথবা বিএনপির কোনো অঙ্গ ও সহযোগী সংগঠনের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার কারণে গেজেটভুক্ত করা হয়নি। তাদের প্রাপ্য চিকিৎসাসুবিধা থেকে বঞ্চিত করা হয়েছে। এর ফলে অনেকেই স্থায়ীভাবে পঙ্গুত্ব বরণ করেছেন।
তিনি বলেন, সময়মতো চিকিৎসা দেওয়া হলে আহত ব্যক্তিদের শারীরিকভাবে আরও সক্ষম করে তোলা সম্ভব হতো। রাজনৈতিক পরিচয়ের কারণে যারা আহত ব্যক্তিদের গেজেটভুক্ত করেননি, তাদের এমন পদক্ষেপের নিন্দা জানান তিনি।
আরও পড়ুন
প্রতিমন্ত্রী বলেন, জুলাই গণঅভ্যুত্থান কোনো নির্দিষ্ট দল বা ব্যক্তির সম্পত্তি নয়। ছাত্রদের আন্দোলন দিয়ে শুরু হলেও পরে এতে সব শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। রাজনৈতিক পরিচয় নির্বিশেষে মানুষ রাজপথে নেমে এসেছিলেন।
তিনি বলেন, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তরের মাধ্যমে আহত যোদ্ধা ও শহীদ পরিবারের পুনর্বাসনে কাজ করা হচ্ছে। এ ক্ষেত্রে রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না। যারা বাদ পড়েছেন, তাদের আবেদন পুনরায় নেওয়ার জন্য সীমিত সময়ের জন্য কার্যক্রম চালু করা হবে। ‘আমরা জুলাই যোদ্ধা’ ও ‘জুলাই ২৪ শহিদ পরিবার সোসাইটি’র মাধ্যমে আবেদন জমা দেওয়ার পাশাপাশি স্থানীয় বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, জেলা প্রশাসকের কার্যালয় কিংবা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়েও আবেদন জমা দেওয়া যাবে।
ইশরাক হোসেন আরও বলেন, আহত জুলাই যোদ্ধা ও শহিদ পরিবারের চিকিৎসা, পুনর্বাসন এবং দীর্ঘমেয়াদে স্বাবলম্বী করে তোলার বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান নিয়মিত খোঁজখবর রাখছেন। যারা স্থায়ীভাবে পঙ্গুত্ব বরণ করেছেন, তাদের প্রয়োজন ও দক্ষতা অনুযায়ী পুনর্বাসনের পরিকল্পনা নেওয়া হয়েছে।
তিনি জানান, জুলাই গণঅভ্যুত্থানে আহত ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে একটি নতুন পরিকল্পনা পরিকল্পনা কমিশনে পাঠানো হয়েছে। এতে প্রয়োজন অনুযায়ী কৃত্রিম অঙ্গ সংযোজন ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলার ব্যবস্থা রাখার পরিকল্পনা রয়েছে। ১৭টি মন্ত্রণালয়কে নিয়ে গঠিত কমিটি এ বিষয়ে কাজ করছে।
সময়ের আলো/ইউএমএইচ