দেশীয় চলচ্চিত্রের অন্যতম চিত্রনায়িকা মৌ খান অভিনীত নতুন সিনেমা ‘স্নেহের বন্ধন’ মুক্তি পেতে যাচ্ছে আসছে দুর্গাপূজা উপলক্ষে। আগামী ১৬ অক্টোবর মুক্তির অপেক্ষায় থাকা কামরুজ্জামান পরিচালিত এই সিনেমাটিতে মৌয়ের বিপরীতে দেখা যাবে নায়ক জয় খানকে।
নিজের নতুন সিনেমা মুক্তি প্রসঙ্গে মৌ বলেন, একজন অভিনয়শিল্পীর সবচেয়ে বড় সার্থকতা হলো ভিন্ন ভিন্ন চরিত্রে নিজেকে ভেঙে দর্শকদের সামনে উপস্থাপন করা। পূজায় মুক্তি পেতে যাওয়া ‘স্নেহের বন্ধন’ আমার ক্যারিয়ারের অন্যতম একটি আবেগের কাজ বলব।
এই সিনেমায় আমার চরিত্রটি ভীষণ চ্যালেঞ্জিং, স্ট্রাগলিং এবং একই সঙ্গে মায়াবী। এটি এমন এক নারীর গল্প, যে পারিবারিক মূল্যবোধ ও ভালোবাসার জন্য যেকোনো পরিস্থিতির মুখোমুখি হতে পারে।
এদিকে এই মাসেই মুক্তি পেয়েছে নব্বই দশকের জনপ্রিয় সিনেমা ‘হঠাৎ বৃষ্টি’র নতুন সংস্করণ ‘আবার হঠাৎ বৃষ্টি’।
বড়পর্দায় মূল গল্পের আবহ ধরে রেখে নির্মিত এই রিমেকে একটি গুরুত্বপূর্ণ অতিথি চরিত্রে অভিনয় করেছেন মৌ খান। এ প্রসঙ্গে তিনি বলেন, সম্প্রতি এটি মুক্তি পেয়েছে। সম্প্রতি মুক্তি পাওয়া ‘আবার হঠাৎ বৃষ্টি’ সিনেমাটিতে আমি একটি বিশেষ অতিথি চরিত্রে অভিনয় করেছি। চরিত্রটির ব্যাপ্তি হয়তো খুব বেশি নয়, কিন্তু গল্পের মোড় ঘুরিয়ে দিতে এর গুরুত্ব অনেক। সিনেমাটি মুক্তি পাওয়ার পর অনেকেই আমার অভিনীত চরিত্রটির প্রশংসা করেছেন।
প্রসঙ্গত, ২০১৯ সালে ‘প্রতিশোধের আগুন’ দিয়ে বড়পর্দায় ক্যারিয়ার শুরু করেন মৌ খান। মোহাম্মদ আসলাম পরিচালিত এ সিনেমায় তার সহশিল্পী ছিলেন জায়েদ খান ও শাহ রিয়াজ। ‘মাফিয়া’ নামে একটি ওয়েব সিরিজেও অভিনয় করেছেন মৌ খান। এটি পরিচালনা করেন শাহীন সুমন।
সময়ের আলো/প্রিন্ট/এসএকে