মোবাইল ফোনে প্রেমের সম্পর্কের জেরে বাড়ি ছাড়ার মাত্র ১৫ দিনের মাথায় চট্টগ্রামের হাটহাজারীতে এক কিশোরীর রহস্যজনক মৃত্যু হয়েছে। নিহত কিশোরীর নাম আসিফা আক্তার (১৫)। সে ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানাধীন হেঁয়াকো গ্রামের বাসিন্দা।
শুক্রবার (৯ অক্টোবর) রাতে হাটহাজারী উপজেলার পশ্চিম মির্জাপুরের সরকারহাট এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে প্রেমিক ইমরান হোসেন (১৭) পলাতক রয়েছে। ইমরান চাঁদের গাড়ির হেলপার এবং হাটহাজারীর কাটিরহাট এলাকার মৃত জাহাঙ্গীর আলমের ছেলে।
ইমরানের পরিবারের দেওয়া তথ্যমতে, প্রায় দেড় মাস আগে মোবাইলফোনে আসিফার সঙ্গে তার পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরিচয়ের মাসখানেক পর আসিফা বাড়ি ছেড়ে ইমরানের পরিবারের সঙ্গে তাদের সরকারহাটের বাসায় এসে থাকতে শুরু করে।
ইমরানের মা নাসিমা আক্তার জানান, আসিফা তাদের বাসায় চলে এলেও অপ্রাপ্তবয়স্ক হওয়ায় বিয়ের আইনি কাজ সম্পন্ন হয়নি। তবে আসিফার খালার সঙ্গে মোবাইল ফোনে তাদের যোগাযোগ ছিল। তার দাবি, শুক্রবার সন্ধ্যায় পরিবারের অজান্তে আসিফা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
এদিকে ঘটনার পর প্রেমিক ইমরান পালিয়ে যাওয়ায় বিষয়টি নিয়ে স্থানীয় বাসিন্দাদের মনে তীব্র সন্দেহের সৃষ্টি হয়েছে। তাদের অভিযোগ, কিশোরীকে পরিকল্পিতভাবে হত্যা করে ঝুলিয়ে রাখা হতে পারে।
হাটহাজারী মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. হান্নান ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে পাঠিয়েছেন। তিনি জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই এটি হত্যা না আত্মহত্যা, তা নিশ্চিত হওয়া যাবে।
সময়ের আলো/জোই