গাজীপুরের শ্রীপুরে বাঁশঝাড় থেকে বাঁশ কাটতে গিয়ে ভিমরুলের কামড়ে স্বপন দাস নামে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩জন। তাঁদের মধ্যে মুমূর্ষু অবস্থায় চিকিৎসাধীন আছেন নিহতের স্ত্রী শ্রীমতি রত্না দাস ।
শুক্রবার (৯ অক্টোবর) রাত সাড়ে এগারোটার দিকে ঢাকা কামারপাড়া-শিন জাপান হাসপাতাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
নিহত স্বপ্ন দাস (৫০) পৌর এলাকার শ্রীপুর গ্রামের স্বর্গীয় হরেকৃষ্ণ দাসের ছেলে। তিনি শ্রীপুর পৌর বাজার সার্বজনীন দুর্গাপূজা কমিটির সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। একই সাথে তিনি নার্সারি ব্যবসা করতেন।
নিহতের ভাতিজা শ্রী কৃষ্ণ দাস বলেন, স্বপন কাকার পরিবার শ্রীপুর বাজারের ব্যবসায়ী। তবে, কাকা নার্সারির ব্যবসা করতেন। প্রতিদিন ভোর সকালে উঠে বাড়ির কাজ করে পরে নার্সারিতে যেতেন।
শুক্রবার সকালের দিকে তাদের বাড়ির পাশেই একটি পুরাতন বাঁশঝাড়ে নার্সারির জন্য বাঁশ কাটতে যান স্বপন। ঝাড়ে ভিমরুলের বাসা খেয়াল করেননি তিনি। একপর্যায়ে বাঁশ টান দিলে শতাধিক ভিমরুল তার শরীরের বিভিন্ন জায়গায় কামড় দেয়। এসময় তাকে উদ্ধার করতে গেলে তার স্ত্রীর শ্রীমতি রত্না দাস, ভাগিনা সজিব দাস ও ছোট ভাই বিপ্লব দাসকেও কামড়ায় ভিমরুল।
পরে তাদের চিৎকারে আশপাশের লোকজন এসে মুমূর্ষু অবস্থায় প্রথমে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার শিন জাপান হাসপাতাল হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাত সোয়া ১১টার দিকে মারা যান স্বপন। তার স্ত্রী রত্না দাস বর্তমানে আইসিইউতে চিকিৎসাধীন আছেন।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম বলেন, এ ঘটনায় থানায় কেউ অবগত করেনি। খোঁজ নিয়ে পরে জানাতে পারব।
সময়ের আলো/এনএন