ঢালিউডের নির্মাতা রায়হান রাফী ও অভিনেত্রী তমা মির্জার সম্পর্ক নিয়ে একসময় বিনোদন অঙ্গনে বেশ আলোচনা হয়েছিল। সেই আলোচনা স্তিমিত হলেও এবার তমা মির্জার অভিনয়ের প্রশংসা করে আলোচনায় এসেছেন রাফী। ‘আমলনামা’ সিনেমার শেষ দৃশ্যে তমার অভিনয় তাকে আবেগাপ্লুত করেছিল বলে জানিয়েছেন এই নির্মাতা।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তমা মির্জার সঙ্গে একটি ছবি পোস্ট করে ‘আমলনামা’ নির্মাণের অভিজ্ঞতা ও নিজের অনুভূতির কথা তুলে ধরেন রায়হান রাফী। সেখানে সিনেমাটির শেষ দৃশ্যে তমার অভিনয়ের প্রশংসা করেন তিনি। জবাবে পোস্টের মন্তব্যের ঘরে রাফীকে ধন্যবাদ জানান তমাও।
রাফী লেখেন, ‘আমলনামা’র শেষ দৃশ্যের শুটিংয়ের সময় তমা মির্জার হৃদয়স্পর্শী অভিনয় সেটে উপস্থিত সবাইকে আবেগাপ্লুত করে তুলেছিল। একই আবেগ যখন দর্শকদের মধ্যেও অনুভব করেছেন, তখন পুরো নির্মাণযাত্রা তাঁর কাছে আরও অর্থবহ হয়ে উঠেছে।
নির্মাতার ভাষ্যে, ‘আমলনামা’ তার কাছে বিশেষ একটি কাজ। ভালোবাসা, আস্থা ও একটি অসাধারণ দলের সম্মিলিত প্রচেষ্টায় তৈরি এই চলচ্চিত্র তার ব্যক্তিগত যাত্রারও অংশ হয়ে আছে। সিনেমাটির জন্য স্বীকৃতি পাওয়ায় সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।
‘দ্য ডেইলি স্টার ওটিটি অ্যান্ড ডিজিটাল কনটেন্ট অ্যাওয়ার্ডস ২০২৫’-এ ‘আমলনামা’র জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন তমা মির্জা। একই সিনেমার জন্য সেরা পরিচালকের স্বীকৃতি পেয়েছেন রায়হান রাফী। তাদের এই অর্জন সিনেমাটি নিয়ে নতুন করে আগ্রহ তৈরি করেছে।
চরকিতে মুক্তি পাওয়া ‘আমলনামা’ একটি মৌলিক চলচ্চিত্র। এর গল্পে সত্য ঘটনা ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ছায়া রয়েছে।
একসময় ব্যক্তিগত সম্পর্ক নিয়ে আলোচনায় থাকা রায়হান রাফী ও তমা মির্জা আবারও খবরের শিরোনামে এসেছেন। তবে এবার আলোচনার কেন্দ্রে তমার অভিনয় এবং ‘আমলনামা’ নির্মাণের অভিজ্ঞতা। পুরোনো সম্পর্ক নিয়ে নতুন কোনো মন্তব্য করেননি রাফী।
সময়ের আলো/এসএকে