ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, যুক্তরাষ্ট্রের হুমকিতে ইরানের জনগণ ভয় পায় না। তেহরানে আন্তর্জাতিক গ্রামীণ ও যাযাবর জনগোষ্ঠীর সক্ষমতা প্রদর্শনীতে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।
পেজেশকিয়ান বলেন, ইরানিরা যত দিন বেঁচে থাকবেন, তত দিন তারা তাদের বীরত্বপূর্ণ দেশের গর্বিত জনগণের সেবায় নিয়োজিত থাকবেন।
যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান অর্থনৈতিক চাপের মধ্যেও যুদ্ধ বন্ধের শর্তে ছাড় দিতে রাজি নয় তেহরান। গত মাসে দেওয়া সর্বশেষ শান্তি প্রস্তাবে ইরান আঞ্চলিক যুদ্ধবিরতি, জব্দ করা সম্পদ অবমুক্ত করা, ইরানি তেল রফতানির ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ তুলে নেওয়ার দাবি জানায়।
এর বিনিময়ে সাত দিনের মধ্যে হরমুজ প্রণালি খুলে দেওয়ার প্রস্তাব দেয় তেহরান। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রস্তাবটি প্রত্যাখ্যান করেন।
সময়ের আলো/জেডি