চট্টগ্রামের মিরসরাইয়ে গ্রামের বাড়ি বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে মুজাহিদুল ইসলাম নাফিজ (২৪) নামে শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার (১০ অক্টোবর) দুপুরে উপজেলার ইছাখালী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের জমাদার গ্রামে এই ঘটনা ঘটে।
সে ওই গ্রামের গোল বক্স মুহুরী বাড়ির অবসরপ্রাপ্ত শিক্ষক নুরুল মোস্তফার ছোট ছেলে এবং ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি চিটাগং (ইউসিটিসি) এর তৃতীয় বর্ষের শিক্ষার্থী।
নিহতের স্বজন আব্দুর রহিম বলেন, মুজাহিদুল ইসলাম নাফিজরা স্ব-পরিবারের চট্টগ্রাম শহরে থাকেন। গত দুইদিন আগে তারা গ্রামের বাড়িতে ঘুরতে আসেন। নামাজ শেষে দুপুর ২টার দিকে পুকুরে গোসল করতে নেমে পা পিছলে পড়ে যায়। সাঁতার না জানার কারণে সে পুকুরের পানিতে ডুবে যায়। তাকে উদ্ধার করে দ্রুত মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (মস্তাননগর) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এই বিষয়ে জানতে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে একাধিক ফোন এবং খুদে বার্তা পাঠিয়েও সংযোগ স্থাপন করা সম্ভব হয়নি।
সময়ের আলো/এনএন