হরমুজ প্রণালিতে সাগরের মাইনে আঘাত লেগে একটি অপরিশোধিত তেলবাহী সুপারট্যাংকারে বিস্ফোরণ ঘটেছে বলে দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। শনিবার (১১ অক্টোবর) দেওয়া এক বিবৃতিতে সংস্থাটির নৌবাহিনী জানায়, অননুমোদিত পথে প্রণালি অতিক্রমের চেষ্টা করছিল ট্যাংকারটি।
আইআরজিসির দাবি, চলাচলের সময় জাহাজটি নিজের অবস্থান শনাক্ত করার নেভিগেশন ও অবস্থান নির্ধারণব্যবস্থা বন্ধ রেখেছিল। তবে ট্যাংকারটির নাম, মালিকানা কিংবা অন্য কোনো পরিচয় প্রকাশ করেনি ইরান।
এর আগে শুক্রবার আইআরজিসি সতর্ক করে জানায়, যুক্তরাষ্ট্রের নির্দেশনা অনুসরণকারী জাহাজ চলাচলকারী কোম্পানিগুলো নিষেধাজ্ঞার মুখে পড়তে পারে। তেহরানের বিবেচনায় অননুমোদিত নৌপথে চলাচলকারী জাহাজের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও হুমকি দেওয়া হয়।
এদিকে হরমুজ প্রণালির আশপাশে জাহাজ চলাচল নিয়ে উত্তেজনা বাড়ছে। রয়টার্সের তথ্য অনুযায়ী, ২৮ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবরের মধ্যে ওই জলপথের কাছে তেলবাহী ট্যাংকারকে লক্ষ্য করে হামলা, হামলার চেষ্টা বা হয়রানির অন্তত ১২টি ঘটনা ঘটেছে।
জাহাজ চলাচলও উল্লেখযোগ্যভাবে কমেছে। রয়টার্সের উদ্ধৃত কেপলারের তথ্য অনুযায়ী, ৬ অক্টোবর মাত্র সাতটি পণ্যবাহী জাহাজ হরমুজ প্রণালি অতিক্রম করেছে। গত ২৩ জুলাইয়ের পর এক দিনে এটিই ছিল সর্বনিম্ন সংখ্যা।
যুদ্ধ শুরুর আগের সময়ের তুলনায় হরমুজ প্রণালি দিয়ে অপরিশোধিত তেল পরিবহন প্রায় ২৬ শতাংশ কমে দৈনিক ১ কোটি ১০ লাখ ব্যারেলের কাছাকাছি নেমেছে।
বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালিতে এই উত্তেজনা আন্তর্জাতিক তেল সরবরাহ ও সামুদ্রিক বাণিজ্যে নতুন অনিশ্চয়তা তৈরি করছে।
সূত্র : শাফাক নিউজ, রয়টার্স
সময়ের আলো/এমকে