নৌকাই ভরসা লক্ষাধিক মানুষের, নতুন দরপত্রের উদ্যোগ

মোস্তফা কামাল, নড়াইল

সারাদেশ

নড়াইলের নবগঙ্গা নদীর ওপর ফেদি বাজার ঘাটে নির্মাণাধীন সেতুর কাজ দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন দুই পাড়ের লক্ষাধিক

2026-10-11T12:44:03+00:00
2026-10-11T12:44:03+00:00
 
  রবিবার, ১১ অক্টোবর ২০২৬,
২৬ আশ্বিন ১৪৩৩
রবিবার, ১১ অক্টোবর ২০২৬
সারাদেশ
নড়াইলে অসম্পূর্ণ নবগঙ্গা সেতু
নৌকাই ভরসা লক্ষাধিক মানুষের, নতুন দরপত্রের উদ্যোগ
মোস্তফা কামাল, নড়াইল
প্রকাশ: রোববার, ১১ অক্টোবর, ২০২৬, ১২:৪৪ পিএম 
নবগঙ্গা নদীর ওপর ফেদি বাজার ঘাটে নির্মাণাধীন সেতুর কাজ দীর্ঘদিন ধরে বন্ধ। ছবি : সময়ের আলো
নড়াইলের নবগঙ্গা নদীর ওপর ফেদি বাজার ঘাটে নির্মাণাধীন সেতুর কাজ দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন দুই পাড়ের লক্ষাধিক বাসিন্দা। নির্ধারিত সময় পার হওয়ার পরও কাজ শেষ না করায় যশোরভিত্তিক ঠিকাদারি প্রতিষ্ঠান ‘আইসিএল’-এর চুক্তি বাতিল করেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর (এলজিইডি)। একই সঙ্গে ওই প্রতিষ্ঠানকে ৩৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে। বর্তমানে অসমাপ্ত কাজ শেষ করতে প্রায় ৫ কোটি টাকার প্রাক্কলনে নতুন দরপত্র (টেন্ডার) আহ্বানের প্রক্রিয়া শুরু হয়েছে।

নড়াইল সদর ও লোহাগড়া উপজেলার সরাসরি যোগাযোগের প্রধান বাধা নবগঙ্গা নদী। লোহাগড়ার পাঁচটি ইউনিয়নের মানুষকে প্রতিদিন জেলা সদরে যাতায়াত করতে হয়। যোগাযোগ সহজ করতে ১০ কোটি ৬৫ লাখ টাকা ব্যয়ে ফেদি বাজার এলাকায় সেতু নির্মাণের উদ্যোগ নেয় এলজিইডি। ২০২১ সালের সেপ্টেম্বরে ঠিকাদারি প্রতিষ্ঠান আইসিএল-কে কার্যাদেশ দেওয়া হয়, যা ২০২৩ সালের অক্টোবরের মধ্যে শেষ হওয়ার কথা ছিল।


পরবর্তীতে দফায় দফায় মেয়াদ বাড়িয়ে ২০২৬ সালের জুন পর্যন্ত করা হলেও কাজের অগ্রগতি হয়েছে মাত্র ৭০ শতাংশ। অথচ, ৩০ শতাংশ কাজ বাকি থাকতেই ঠিকাদারি প্রতিষ্ঠানটি ইতোমধ্যেই ৭ কোটি ১০ লাখ টাকা বিল তুলে নিয়েছে।

বর্তমানে নদীতে সেতুর অসম্পূর্ণ কাঠামো দাঁড়িয়ে আছে। ফেদি বাজার ঘাটে মাত্র দুটি ছোট নৌকার ওপর ভরসা করে প্রতিদিন হাজার হাজার মানুষ ঝুঁকিপূর্ণভাবে নদী পার হচ্ছেন। বিকল্প দীর্ঘ পথ ব্যবহারে একদিকে যেমন অতিরিক্ত সময় ও অর্থ ব্যয় হচ্ছে, অন্যদিকে জরুরি মুমূর্ষু রোগী, স্কুল-কলেজের শিক্ষার্থী ও স্থানীয় ব্যবসায়ীরা পড়েছেন চরম বিপাকে। সময়মতো চিকিৎসা ও যাতায়াত করতে না পেরে সার্বিক জনজীবন ব্যাহত হচ্ছে।

নড়াইল এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরদার ইকরামুল কবীর জানান, বারবার সুযোগ দেওয়ার পরও চুক্তি বাস্তবায়নে ব্যর্থ হওয়ায় আইসিএল-এর চুক্তি বাতিল ও ৩৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে। তিনি আরও জানান, সেতুর বাকি ৩০ শতাংশ কাজ দ্রুত শেষ করতে ৪ কোটি ৯৮ লাখ টাকা প্রাক্কলিত ব্যয়ে নতুন দরপত্র আহ্বানের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। দ্রুতই নতুন ঠিকাদার নিয়োগ দিয়ে কাজ শুরু করা হবে।

দীর্ঘদিনের সীমাহীন দুর্ভোগ থেকে মুক্তি পেতে দ্রুত ও মানসম্মত কাজ শেষের দাবি জানিয়েছেন ভুক্তভোগী স্থানীয় বাসিন্দারা।

সময়ের আলো/জোই
  বিষয়:   নড়াইল  অসম্পূর্ণ নবগঙ্গা সেতু  নৌকাই ভরসা  লক্ষাধিক মানুষ  দরপত্রের উদ্যোগ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: