নানা কর্মসূচির মধ্য দিয়ে নড়াইলে পালিত হয়েছে বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ৩২তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে দুই দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কর্মসূচির শেষ দিন শনিবার (১০ অক্টোবর) সকাল ৯টায় নড়াইল শহরের চিত্রাপাড়ের কুড়িগ্রামে অবস্থিত শিল্পীর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। সকাল সাড়ে ৯টায় এস এম সুলতান কমপ্লেক্সে মরহুমের রুহের মাগফিরাত কামনায় অনুষ্ঠিত হয় বিশেষ দোয়া ও মোনাজাত।
এরপর সকাল ১০টায় ‘শিশুস্বর্গ’ প্রাঙ্গণে এক আলোচনা সভা এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এর আগে কর্মসূচির প্রথম দিন শুক্রবার (৯ অক্টোবর) সকালে শিশুস্বর্গ প্রাঙ্গণে এই চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল।
সুলতান কমপ্লেক্সের কিউরেটর তন্দ্রা মুখার্জীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. আবদুস ছালাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান আলেক, নড়াইল সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ড. মশিউর রহমান বাবু, জেলা বিএনপির নেতা অ্যাডভোকেট ইকবাল হোসেন শিকদার, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহাবুব মোরশেদ জাফল এবং নড়াইল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহাবুবুর রশিদ লাবলু।
অনুষ্ঠানে স্থানীয় গণমাধ্যমকর্মী, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বিশ্ববরেণ্য এই চিত্রশিল্পী ১৯৯৪ সালের ১০ অক্টোবর চিকিৎসাধীন অবস্থায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন।
সময়ের আলো/জোই