নড়াইলে বিএনপির দুই নেতা হত্যা, ৬ দিনেও হয়নি মামলা

সময়ের আলো ডেস্ক

সারাদেশ

দুজনের মৃত্যুর পর ছয় দিন পেরিয়ে গেছে। কিন্তু নড়াইলের কালিয়ার বেন্দারচরে বিএনপির দুই নেতাকে হত্যার ঘটনায় এখনো মামলা হয়নি। কীভাবে

2026-11-25T01:42:35+00:00
2026-11-25T01:42:35+00:00
 
  বুধবার, ২৫ নভেম্বর ২০২৬,
১১ অগ্রহায়ণ ১৪৩৩
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
সারাদেশ
নড়াইলে বিএনপির দুই নেতা হত্যা, ৬ দিনেও হয়নি মামলা
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ১:৪২ এএম 
বাঁ থেকে শাহিনুর শেখ ও সোহেল মোল্লা। ছবি : সংগৃহীত
বাঁ থেকে শাহিনুর শেখ ও সোহেল মোল্লা। ছবি : সংগৃহীত
দুজনের মৃত্যুর পর ছয় দিন পেরিয়ে গেছে। কিন্তু নড়াইলের কালিয়ার বেন্দারচরে বিএনপির দুই নেতাকে হত্যার ঘটনায় এখনো মামলা হয়নি। কীভাবে এই হত্যাকাণ্ডের বিচার শুরু হবে, নিহত ব্যক্তিদের পরিবারের পক্ষ থেকে মামলা করা হবে কি না—এসব প্রশ্নেরও স্পষ্ট উত্তর মিলছে না। হত্যাকাণ্ডের পর এলাকায় সহিংসতা, বাড়িঘরে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় পরিস্থিতি আরও জটিল হয়েছে। 

নিহত দুই নেতা হলেন কালিয়া পৌর কৃষক দলের সাধারণ সম্পাদক শাহীন মোল্যা ও জাসাসের কালিয়া উপজেলা সাধারণ সম্পাদক সোহেল মোল্যা। গত ১৮ নভেম্বর সন্ধ্যায় বেন্দারচর স্লুইসগেট-সংলগ্ন বটতলা এলাকায় বিএনপির নেতাকর্মীদের মোটরসাইকেল শোডাউন ও বিক্ষোভ কর্মসূচিতে হামলায় তাঁরা গুরুতর আহত হন। পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়।

দুই নেতার মৃত্যুর পরদিন ১৯ নভেম্বর সন্ধ্যায় কালিয়া মডেল মসজিদে জানাজা শেষে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। ২০ নভেম্বর তাদের কবর জিয়ারত করতে কালিয়ায় যান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। এ সময় নড়াইল জেলা ও কালিয়া উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও তাঁদের সঙ্গে ছিলেন।

কবর জিয়ারতের দিন সন্ধ্যায় বেন্দারচরে নতুন করে সহিংসতা ছড়িয়ে পড়ে। বিক্ষুব্ধ লোকজন সাবেক সংসদ সদস্য বি এম কবিরুল হক মুক্তি ও সাবেক পৌর মেয়র ফকির মুশফিকুর রহমান লিটনের বাড়িসহ ৫০ থেকে ৬০টি বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। বিএনপির দুই নেতা হত্যাকাণ্ডের ঘটনায় ক্ষুব্ধ স্বজন ও স্থানীয় লোকজন এসব হামলা চালিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

এরপর কেটে গেছে আরও কয়েক দিন। কিন্তু হত্যাকাণ্ডের ঘটনায় মামলা হয়নি। নিহত ব্যক্তিদের পরিবারের পক্ষ থেকে কিংবা দলের পক্ষ থেকেও মামলা করার কোনো উদ্যোগের কথা জানা যায়নি। পুলিশ নিজ উদ্যোগে কোনো আইনি পদক্ষেপ নিয়েছে কি না, সে বিষয়েও স্পষ্ট তথ্য পাওয়া যায়নি।


এই অনিশ্চয়তার মধ্যে বেন্দারচরের বাসিন্দাদের জীবনে যোগ হয়েছে আরেক অনিশ্চয়তা। মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে গ্রামটিতে গিয়ে দেখা যায়, প্রবেশপথ থেকে বিভিন্ন মোড়ে পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছেন। সড়কে পুলিশ ও এসআরবি সদস্যদের টহল চলছে। বাইরে থেকে পরিস্থিতি স্বাভাবিক মনে হলেও গ্রামবাসীর মধ্যে আতঙ্ক রয়ে গেছে।

হামলায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দুর্ভোগও কাটেনি। অনেকের ঘরবাড়ি পুড়ে কিংবা ভাঙচুরের কারণে বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। কেউ পোড়া ঘরের অবশিষ্ট জিনিসপত্র সরাচ্ছেন, কেউ ক্ষতিগ্রস্ত ঘর মেরামতের চেষ্টা করছেন। বাড়িঘর থাকলেও স্বাভাবিকভাবে সেখানে বসবাস করতে পারছেন না অনেকে।

হত্যাকাণ্ডের ছয় দিন পরও মামলা না হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী। তিনি বলেন, বিএনপির দুই নেতা হত্যাকাণ্ডের ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। এলাকার পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বেন্দারচর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সময়ের আলো/জেডি 
  বিষয়:   নড়াইল  বিএনপি  নেতা হত্যা  মামলা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: