প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ১০:৩৭ পিএম

হিলি সীমান্তে সতর্কতা জারি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ছবি : সময়ের আলো
হিলি সীমান্তে সতর্কতা জারি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ছবি : সময়ের আলোভারত থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পলাতক নেতাকর্মী এবং মাদককারবারিদের অনুপ্রবেশ ঠেকাতে দিনাজপুরের হিলি সীমান্তে সতর্কতা জারি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ বিষয়ে সীমান্ত এলাকায় সচেতনতা বাড়ানোর পাশাপাশি স্থানীয়দের সহযোগিতা চেয়েছে জয়পুরহাট-২০ বিজিবি।
মঙ্গলবার বিকেলে সীমান্তঘেঁষা হিলি রেলওয়ে স্টেশনে স্থানীয় বাসিন্দাদের নিয়ে আয়োজিত এক সচেতনতামূলক সভায় এসব কথা বলেন জয়পুরহাট-২০ বিজিবির অধীনস্থ হিলি সিপিবিওপি ক্যাম্পের কমান্ডার মো. শরিফুল ইসলাম।
সভায় তিনি বলেন, দেশে অস্থিরতা তৈরির উদ্দেশ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন স্থাপনায় হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের চেষ্টা করছে বলে তথ্য রয়েছে। এসব অপতৎপরতা প্রতিহত করতে সীমান্ত দিয়ে পলাতক রাজনৈতিক নেতাকর্মী ও দুষ্কৃতকারীদের অনুপ্রবেশ ঠেকাতে হবে।
স্থানীয়দের উদ্দেশে বিজিবির এই কর্মকর্তা বলেন, সীমান্ত এলাকায় সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হলেও কাঁটাতারের বেড়া নেই। এ কারণে ভারত থেকে পলাতক রাজনৈতিক নেতাকর্মী কিংবা দুষ্কৃতকারীদের অনুপ্রবেশ ঠেকাতে স্থানীয়দের সহযোগিতা প্রয়োজন।
তিনি আরও বলেন, অনুপ্রবেশকারীরা যাতে বাংলাদেশে ঢুকে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। এ ধরনের অপচেষ্টা সম্মিলিতভাবে প্রতিহত করতে বিজিবির পাশাপাশি স্থানীয় বাসিন্দাদেরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
সময়ের আলো/এনএন