প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ১০:০৪ পিএম আপডেট: ২৪.১১.২০২৬ ১০:০৫ পিএম

চট্টগ্রাম-১ আসনের সংসদ সদস্য নুরুল আমিন বলেছেন, ‘আপনার অপকর্মের কারণেই সেদিন ভয়ে পালিয়ে গেছেন’ । ছবি : সময়ের আলো
চট্টগ্রাম-১ আসনের সংসদ সদস্য নুরুল আমিন বলেছেন, ‘আপনার অপকর্মের কারণেই সেদিন ভয়ে পালিয়ে গেছেন’ । ছবি : সময়ের আলো চট্টগ্রাম-১ আসনের সংসদ সদস্য নুরুল আমিন বলেছেন, ডিসেম্বরে সরকারকে পদত্যাগে বাধ্য করার হুমকি ও শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা-দুই দিক থেকে ষড়যন্ত্র চলছে। দেশের ভেতর ও বাইরে থেকে বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে চট্টগ্রামের মিরসরাইয়ে দেশব্যাপী কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি বলেন, ‘আমাদের দুই দিক থেকে শ্রত্রুদের খোঁচাখুঁচি শুরু হয়েছে। দেশের ভেতর থেকে একটি গোষ্ঠী বলছে-ডিসেম্বরে আমাদের পদত্যাগে বাধ্য করবে। অন্যদিকে, বিদেশ থেকে একটি গোষ্ঠী এবং নিষিদ্ধ একটি সংগঠন বলছে, তাদের পতিত নেত্রী ফ্যাসিস্ট শেখ হাসিনা ডিসেম্বরে বাংলাদেশে ফিরবেন। দেশের ভেতরে ও বাইরে ঘাপটি মেরে থাকা এসব সন্ত্রাসী গোষ্ঠী বাংলাদেশকে অস্থিতিশীল করতে উঠেপড়ে লেগেছে। ঘোলা পানিতে মাছ শিকারের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে তারা। আমরা তাদের বলে দিতে চাই, বিএনপি ষড়যন্ত্র করে গঠিত কোনো বিনাভোটের সরকার নয়। বিএনপি নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচিত সরকার।’
তিনি আরও বলেন, ‘আপনার অপকর্মের কারণেই সেদিন ভয়ে পালিয়ে গেছেন। সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে বাংলাদেশকে অস্থিতিশীল করার যে স্বপ্ন আপনি দেখছেন, তা কখনো পূরণ হবে না।’
এ দিন, মিরসরাই উপজেলা, পৌরসভা ও বারইয়ারহাট পৌরসভা বিএনপির উদ্যোগে মিছিলের নেতৃত্ব দেন চট্টগ্রাম-১ আসনের সংসদ সদস্য নুরুল আমিন।
এ সময়, মিরসরাই উপজেলা বিএনপির আহবায়ক আব্দুল আউয়াল চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, যুগ্ম আহবায়ক সালাউদ্দিন সেলিম, বারইয়ারহাট পৌরসভা বিএনপির সাবেক আহবায়ক দিদারুল আলম মিয়াজী, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীরসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের জেলা, উপজেলা ও ইউনিয়নের নেতৃবৃন্দ।
সময়ের আলো/এসকে