প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ৯:১৭ পিএম

নিহত চম্পা বেগম ওই গ্রামের স্বপন মিয়ার স্ত্রী । ছবি : সময়ের আলো
নিহত চম্পা বেগম ওই গ্রামের স্বপন মিয়ার স্ত্রী । ছবি : সময়ের আলোমানিকগঞ্জের ঘিওর উপজেলার বীর সিংজুরী গ্রামে চম্পা বেগম (৪০) নামে এক গার্মেন্টসকর্মীর রহস্যজনক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোর পৌনে ৬টার দিকে উপজেলার বীর সিংজুরী গ্রামে নিজ বাড়ির পাশের বাথরুমের কাছে তার মরদেহ পড়ে থাকতে দেখেন পরিবারের সদস্যরা। তার গলায় ফাঁসের চিহ্ন পাওয়া গেছে। তবে এটি হত্যা নাকি আত্মহত্যা, তা নিশ্চিত হওয়া যায়নি।
নিহত চম্পা বেগম ওই গ্রামের স্বপন মিয়ার স্ত্রী। তিনি সাটুরিয়া উপজেলার তারাসীমা গার্মেন্টসে চাকরি করতেন। প্রতিদিন সকালে কর্মস্থলে গিয়ে রাত ৯ টার মধ্যে বাড়ি ফিরতেন। সোমবার (২৩ নভেম্বর) সকালে কাজে যাওয়ার পর রাতে আর বাড়ি ফেরেননি। তার মুঠোফোন বন্ধ পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন।
মঙ্গলবার ভোর আনুমানিক ৫টা ৪৫ মিনিটে চম্পার শাশুড়ি হাসনা বেগম (৬৫) প্রকৃতির ডাকে সাড়া দিতে বাড়ির বাইরে যান। এ সময় বাড়ির উত্তর পাশে বাথরুমের কাছে চম্পার মরদেহ পড়ে থাকতে দেখেন তিনি। তার চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসেন। পরে পুলিশকে খবর দেওয়া হয়। মরদেহের পাশে চম্পার ব্যবহৃত একটি ভ্যানিটি ব্যাগও পড়ে ছিল।
পারিবারিক সূত্রে জানা গেছে, চম্পার স্বামী স্বপন মিয়া একজন আনসার সদস্য। প্রায় দুই বছর আগে তিনি অন্যত্র বিয়ে করে নতুন স্ত্রীকে নিয়ে টাঙ্গাইলের অজ্ঞাত স্থানে বসবাস করছেন। চম্পা গার্মেন্টসে চাকরি করে এক ছেলে, এক মেয়ে ও শাশুড়িকে নিয়ে সংসার চালাতেন।
ঘটনার তদন্তকারী কর্মকর্তা ঘিওর থানার উপপরিদর্শক (এসআই) সুমন চক্রবর্তী বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্তকাজ শুরু করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ জেলা হাসপাতালে পাঠানো হচ্ছে। ঘটনাটি রহস্যজনক। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে এটি হত্যা নাকি আত্মহত্যা, তা বোঝা যাবে। পুলিশ বিষয়টি তদন্ত করছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সময়ের আলো/এসকে