
প্রিয় শিক্ষককে বিদায় জানাতে গিয়ে চোখের পানি ধরে রাখতে পারেননি সহকর্মী ও শিক্ষার্থীরা। ছবি : সময়ের আলো
প্রিয় শিক্ষককে বিদায় জানাতে গিয়ে চোখের পানি ধরে রাখতে পারেননি সহকর্মী ও শিক্ষার্থীরা। ছবি : সময়ের আলোদীর্ঘ ৩৮ বছর ধরে যে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে দাঁড়িয়ে অসংখ্য শিক্ষার্থীর হাতে তুলে দিয়েছেন জ্ঞানের আলো, শিখিয়েছেন জীবনের পথচলার পাঠ, সেই প্রিয় বিদ্যালয় থেকেই এবার বিদায় নিতে হলো তাকে। তবে এ বিদায় ছিল না অন্য আট-দশটি বিদায়ের মতো। ছিল ভালোবাসা, শ্রদ্ধা, সম্মান আর আবেগে ভরা এক স্মরণীয় আয়োজন। প্রিয় শিক্ষককে বিদায় জানাতে গিয়ে চোখের পানি ধরে রাখতে পারেননি সহকর্মী ও শিক্ষার্থীরা। ফুলেল শুভেচ্ছা, সম্মাননা স্মারক ও নানা উপহার দিয়ে রাজকীয় আয়োজনে বিদায় জানানো হয় সিনিয়র শিক্ষক এ জেড এম জামাল উদ্দিনকে।
চাঁদপুরের কচুয়া উপজেলার তুলপাই দারাশাহী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক এ জেড এম জামাল উদ্দিন দীর্ঘ ৩৮ বছরের শিক্ষকতা জীবন শেষে অবসরজনিত বিদায় নিয়েছেন। তিনি ১৯৮৮ সালের ১ নভেম্বর বিদ্যালয়টিতে শিক্ষক হিসেবে যোগদান করেন। যোগদানের পর থেকেই অত্যন্ত নিষ্ঠা, সততা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে আসছিলেন। দীর্ঘ কর্মজীবনে অসংখ্য শিক্ষার্থীকে পাঠদানের পাশাপাশি আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে রেখেছেন গুরুত্বপূর্ণ অবদান।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বিদ্যালয় প্রাঙ্গণে তার অবসরজনিত বিদায় ও শেষ কর্মদিবস উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানটি পরিণত হয় আবেগঘন মিলনমেলায়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী মেহেদী হাসান এবং গীতা পাঠ করেন প্রিয়া রানী সরকার। পরে বিদ্যালয়ের পক্ষ থেকে মানপত্র পাঠ করেন নবম শ্রেণির শিক্ষার্থী ফারিয়া ইসলাম।
বিদ্যালয়ের মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক মোহাম্মদ জহিরুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মুহাম্মদ জহিরুল ইসলাম সরকার।
এ সময় বক্তব্য দেন ঢাকা শিক্ষা বোর্ডের সেকশন অফিসার মো. আনোয়ার হোসেন, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. গোলাম সাদেক, সাবেক শিক্ষক সুরেশ চন্দ্র দেবনাথ, সহকারী শিক্ষক অমর কৃষ্ণ দাস ও সাইফুল ইসলাম, সাবেক শিক্ষার্থী জসিম উদ্দিন, জমিদাতা সদস্য জুয়েল পাটোয়ারী, বিদ্যালয়ের অফিস সহকারী মো. শাহপরান, প্রাক্তন শিক্ষার্থী ডাক্তার শামীম ও জাহিদুল হাসানসহ অন্যরা।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, একজন আদর্শ শিক্ষক শুধু পাঠ্যবইয়ের জ্ঞানই দেন না, তিনি শিক্ষার্থীদের নৈতিকতা, মূল্যবোধ ও সুন্দর মানুষ হওয়ার শিক্ষা দেন। এ জেড এম জামাল উদ্দিন তার দীর্ঘ শিক্ষকতা জীবনে নিষ্ঠা, সততা ও আন্তরিকতার মাধ্যমে অসংখ্য শিক্ষার্থীর হৃদয়ে জায়গা করে নিয়েছেন। তার অবদান বিদ্যালয় ও শিক্ষার্থীদের মাঝে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।
অনুষ্ঠানের একপর্যায়ে একে একে সহকর্মী শিক্ষক, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী এবং বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যরা তার হাতে ফুল, উপহার ও সম্মাননা স্মারক তুলে দেন। দীর্ঘদিনের সহকর্মীদের কাছ থেকে বিদায় নেওয়ার মুহূর্তে আবেগাপ্লুত হয়ে পড়েন জামাল উদ্দিন। তার চোখেমুখেও ফুটে ওঠে দীর্ঘ কর্মজীবনের স্মৃতি, ভালোবাসা ও প্রিয়জনদের ছেড়ে যাওয়ার বেদনা।
তবে সবচেয়ে আবেগঘন দৃশ্যটি তৈরি হয় বিদায় অনুষ্ঠানের শেষমুহূর্তে। বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী এবং সহকর্মীরা তাকে একটি গাড়িতে করে রাজকীয়ভাবে বিদায় জানান। চাঁদপুরের কচুয়া থেকে মতলব দক্ষিণ উপজেলার কাশিমপুর গ্রামের নিজ বাড়িতে তাকে পৌঁছে দেন তারা। একজন শিক্ষকের প্রতি শিক্ষার্থী ও সহকর্মীদের এমন ভালোবাসা উপস্থিত সবার হৃদয় ছুঁয়ে যায়।
৩৮ বছরের কর্মজীবনের আনুষ্ঠানিক সমাপ্তি হলেও শিক্ষার্থীদের হৃদয়ে তাঁর রেখে যাওয়া শিক্ষা, আদর্শ ও স্মৃতির কোনো অবসর নেই। বিদ্যালয়ের শ্রেণিকক্ষে হয়তো আর নিয়মিত দেখা যাবে না প্রিয় শিক্ষক জামাল উদ্দিনকে, কিন্তু তার হাতে গড়ে ওঠা অসংখ্য শিক্ষার্থীর জীবনে তিনি বেঁচে থাকবেন শ্রদ্ধা ও ভালোবাসার মানুষ হয়ে।
এভাবেই একজন শিক্ষকের বিদায় হয়ে উঠল ভালোবাসা, শ্রদ্ধা আর আবেগের এক অনন্য উপাখ্যান।
সময়ের আলো/এনএন