প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ৯:০৭ পিএম

উদ্ধার ইয়াবা। ছবি : সংগৃহীত
উদ্ধার ইয়াবা। ছবি : সংগৃহীতকক্সবাজারের টেকনাফে পৃথক দুটি অভিযানে ১ লাখ ২৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। এ সময় ১৮ হাজার পিস ইয়াবাসহ একটি প্রাইভেটকারের চালককে আটক করা হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোরে টেকনাফের শাপলা চত্বর এবং সকালে নাফ নদীসংলগ্ন ১ নম্বর স্লুইস গেট এলাকায় এসব অভিযান চালায় টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)।
বিজিবি সূত্রে জানা গেছে, ভোরে শাপলা চত্বর এলাকায় একটি প্রাইভেট কার তল্লাশি করে পেছনের আসনে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় গাড়ির চালক মো. ইয়াসিন (৪১) আটক হন। জব্দ করা হয় প্রোটন সাগা মডেলের গাড়ি ও একটি মুঠোফোন।
অন্যদিকে, সকালে নাফ নদীসংলগ্ন ১ নম্বর স্লুইস গেট এলাকায় বিজিবির একটি টহল দল দুটি সন্দেহভাজন ব্যক্তিকে ইঞ্জিনচালিত নৌকায় বাংলাদেশে প্রবেশ করতে দেখে। বিজিবির উপস্থিতি টের পেয়ে তাঁরা নৌকাসহ মালামাল ফেলে পাশের কেওড়াবাগানে পালিয়ে যান। পরে নৌকাটি তল্লাশি করে ১ লাখ ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
বিজিবি জানিয়েছে, পলাতক দুজনের নাম ইমরান ও ইয়াসের। এ অভিযানে ইয়াবা বহনে ব্যবহৃত নৌকাটিও জব্দ করা হয়েছে।
টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, সীমান্ত দিয়ে মাদকদ্রব্যের অনুপ্রবেশ ও পাচার রোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
আটক ব্যক্তি, উদ্ধার করা ইয়াবা ও জব্দ করা অন্যান্য মালামালের বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সেগুলো টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।
সময়ের আলো/এনএন