প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ৪:২৯ পিএম

গ্রেফতার মো. খোরশেদ আলম রনি । ছবি : সময়ের আলো
গ্রেফতার মো. খোরশেদ আলম রনি । ছবি : সময়ের আলোচট্টগ্রামের সীতাকুণ্ডে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র ও অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জামসহ হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে এসআরবি-৭।
সোমবার (২৩ নভেম্বর) দুপুরে সীতাকুণ্ড থানার সলিমপুর ইউনিয়নে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রেফতার ব্যক্তির নাম মো. খোরশেদ আলম রনি (৩৫)। তিনি চট্টগ্রামের হাটহাজারী থানার নোয়াহাট এলাকার মৃত মাহবুবুল আলমের ছেলে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা গেছে, হত্যা, অস্ত্র, ডাকাতির প্রস্তুতি ও চাঁদাবাজিসহ একাধিক মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ছিল এবং দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন।
এসআরবি-৭ সূত্রে জানা যায়, সলিমপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দক্ষিণ সলিমপুর এলাকার মেশকাত উদ্দিন আহমেদ কলোনির (৪২ কলোনি) ১৩ নম্বর কক্ষে একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত এক আসামি অবস্থান করছেন। এই তথ্যের ভিত্তিতে সোমবার দুপুর পৌনে ২টার দিকে (আনুমানিক ১টা ৪৫ মিনিটে) এসআরবি-৭-এর একটি আভিযানিক দল সেখানে অভিযান পরিচালনা করে। অভিযানের সময় বাহিনীর সদস্যদের উপস্থিতি টের পেয়ে রনি কক্ষ থেকে পালানোর চেষ্টা করলে সদস্যরা তাকে ধাওয়া দিয়ে আটক করেন।
পরবর্তীতে তার দেহ তল্লাশি করে পরনের জিন্স প্যান্টের ভেতর থেকে ম্যাগাজিনবিহীন একটি পুরোনো লোহার পিস্তল উদ্ধার করা হয়। এরপর রনির বসতঘরের শয়নকক্ষে তল্লাশি চালিয়ে ম্যাগাজিনসহ স্টিলের তৈরি একটি পিস্তলসদৃশ বস্তু এবং আগ্নেয়াস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। উদ্ধার করা অস্ত্র ও সরঞ্জামের বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে এসআরবি-৭।
সময়ের আলো/এনএন