
প্রতিনিধিদের অংশগ্রহণে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে তিন দিনব্যাপী কর্মশালা শুরু হয়েছে। ছবি : সময়ের আলো
প্রতিনিধিদের অংশগ্রহণে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে তিন দিনব্যাপী কর্মশালা শুরু হয়েছে। ছবি : সময়ের আলোপরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনায় রাজশাহীর অভিজ্ঞতা জানতে তিন সিটি করপোরেশন ও এক পৌরসভার প্রশাসক, কর্মকর্তা ও কমিউনিটি প্রতিনিধিরা রাজশাহীতে এসেছেন। তাদের অংশগ্রহণে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে তিন দিনব্যাপী কর্মশালা শুরু হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) নগর ভবনের সিটি হলরুমে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) আরবান ডেভেলপমেন্ট অ্যান্ড সিটি গভর্ন্যান্স প্রজেক্টের (ইউডিসিজিপি) আওতায় এ কর্মশালার উদ্বোধন করেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন।
‘অভিজ্ঞতা বিনিময়, পারস্পরিক শিক্ষা, মূল্যায়ন ও পরিকল্পনা’ শীর্ষক কর্মশালায় রাজশাহী, গাজীপুর, নারায়ণগঞ্জ ও কুমিল্লা সিটি করপোরেশন এবং কক্সবাজার পৌরসভার প্রশাসক, কর্মকর্তা ও কমিউনিটি প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম। বক্তব্য দেন কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, গাজীপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা তানজিলা খানম, জাইকা বাংলাদেশ অফিসের প্রতিনিধি সাওরি কোজিমা এবং ইউডিসিজিপির টিম লিডার রেমন্ড গার্সিয়া গো। স্বাগত বক্তব্য দেন প্রকল্প পরিচালক এ এস এম রাশেদুর রহমান। বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে তথ্য উপস্থাপন করেন রাসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপপ্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সেলিম রেজা রঞ্জু।
প্রধান অতিথির বক্তব্যে মাহফুজুর রহমান রিটন বলেন, নাগরিকদের কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করাই তাঁদের মূল লক্ষ্য। রাজশাহীকে পরিচ্ছন্ন, সুন্দর, আধুনিক, নিরাপদ ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে কাজ চলছে। এ জন্য সবার আন্তরিকতা, সদিচ্ছা ও সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।
তিনি বলেন, পরিচ্ছন্ন নগর গড়ে তোলার দায়িত্ব শুধু সিটি করপোরেশনের নয়; নগরবাসীর সচেতনতা, পরিচ্ছন্নতাকর্মীদের আন্তরিকতা এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সমন্বিত উদ্যোগও জরুরি। জনসংখ্যা বৃদ্ধি ও নগরায়ণের কারণে বর্জ্য ব্যবস্থাপনার চ্যালেঞ্জ বাড়ছে। তাই আধুনিক প্রযুক্তির ব্যবহার, বর্জ্য পৃথকীকরণ, পুনর্ব্যবহার ও পরিবেশসম্মত উপায়ে বর্জ্য অপসারণে গুরুত্ব দিতে হবে।
রাসিক প্রশাসক আরও বলেন, নগরীতে আড়াই লাখ বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা নিয়ে কাজ চলছে। রাজশাহীকে নতুনভাবে সাজাতে মাস্টারপ্ল্যান তৈরির উদ্যোগ নেওয়া হবে। এ ছাড়া নগর ভবনসহ সিটি করপোরেশনের অন্যান্য ভবনে সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর পরিকল্পনা রয়েছে।
কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু বলেন, এ কর্মশালার মাধ্যমে রাজশাহীর পরিচ্ছন্নতা ও সবুজায়ন কার্যক্রম সরেজমিনে দেখে অভিজ্ঞতা অর্জনের সুযোগ তৈরি হয়েছে। এসব অভিজ্ঞতা নিজ নিজ এলাকায় কাজে লাগানোর উদ্যোগ নেওয়া হবে। এক সিটি করপোরেশনের সাফল্য অন্যটির জন্য অনুসরণীয় হতে পারে।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, রাজশাহীতে পরিচ্ছন্নতা ও সবুজায়ন কার্যক্রমে নগরবাসীসহ সংশ্লিষ্টদের সহযোগিতা প্রশংসনীয়। রাজশাহীর অভিজ্ঞতা কাজে লাগিয়ে নারায়ণগঞ্জের উন্নয়ন ও পরিচ্ছন্নতা কার্যক্রম এগিয়ে নিতে চান তাঁরা।
কর্মশালায় গাজীপুর, নারায়ণগঞ্জ ও কুমিল্লা সিটি করপোরেশন এবং কক্সবাজার পৌরসভার কর্মকর্তা ও কমিউনিটি প্রতিনিধিদের পাশাপাশি এলজিইডি, জাইকা ও ইউডিসিজিপির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আগামী ২৬ নভেম্বর কর্মশালা শেষ হবে। এ সময় অংশগ্রহণকারীরা রাজশাহী সিটি করপোরেশনের বাড়ি বাড়ি বর্জ্য সংগ্রহ, সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন, চিকিৎসাবর্জ্য ব্যবস্থাপনা ও রাতের সড়ক পরিষ্কার কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করবেন।
সময়ের আলো/এনএন