কুয়াকাটা সৈকতে পুণ্যস্নানের মধ্য দিয়ে শেষ হলো রাস উৎসব

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি

সারাদেশ

পূর্ণিমার পবিত্র তিথিতে বঙ্গোপসাগরের জলে পুণ্যস্নানের মধ্য দিয়ে শেষ হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় আয়োজন ঐতিহ্যবাহী রাস উৎসব। মঙ্গলবার (২৪

2026-11-24T13:48:20+00:00
2026-11-24T13:48:20+00:00
 
  মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬,
১০ অগ্রহায়ণ ১৪৩৩
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
সারাদেশ
কুয়াকাটা সৈকতে পুণ্যস্নানের মধ্য দিয়ে শেষ হলো রাস উৎসব
কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ১:৪৮ পিএম 
পুণ্যস্নানের মধ্য দিয়ে শেষ হলো রাস উৎসব। ছবি : সময়ের আলো
পুণ্যস্নানের মধ্য দিয়ে শেষ হলো রাস উৎসব। ছবি : সময়ের আলো
পূর্ণিমার পবিত্র তিথিতে বঙ্গোপসাগরের জলে পুণ্যস্নানের মধ্য দিয়ে শেষ হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় আয়োজন ঐতিহ্যবাহী রাস উৎসব। মঙ্গলবার (২৪ নভেম্বর) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে কুয়াকাটা সমুদ্রসৈকতে হাজারো পুণ্যার্থীর অংশগ্রহণে সম্পন্ন হয় এ স্নানোৎসব।

সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় অধিবাসের মধ্য দিয়ে শুরু হওয়া উৎসবকে ঘিরে রাতভর চলে পূজা-অর্চনা, ধর্মীয় সংগীতানুষ্ঠান ও মহানাম কীর্তন। কুয়াকাটার শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দিরে ভক্তদের উপস্থিতিতে সৃষ্টি হয় ধর্মীয় আবহ। রাতভর জাগরণ শেষে ভোরের আলো ফুটতেই পুণ্যস্নানের জন্য সৈকতে সমবেত হন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা সনাতন ধর্মাবলম্বীরা।

স্নানের আগে কেউ মোমবাতি ও আগরবাতি জ্বালিয়ে গীতা ও চণ্ডীপাঠ করেন। কেউ আবার বেলপাতা, ফুল, ধান, দূর্বা, হরীতকী, ডাব, কলা, তেল ও সিঁদুর সাগরের জলে অর্পণ করেন। এ সময় নারীদের উলুধ্বনি ও ভক্তদের ধর্মীয় মন্ত্রোচ্চারণে মুখর হয়ে ওঠে পুরো সৈকত। পুণ্যস্নানের পাশাপাশি অনেকে মানত পূরণে মাথা ন্যাড়া করা, প্রায়শ্চিত্ত ও পিণ্ডদানসহ নানা ধর্মীয় আচার পালন করেন।

উৎসবে অংশ নিতে আসা পরিমল চন্দ্র দাস বলেন, নানা প্রতিকূলতার মধ্য দিয়ে এ বছর পার করেছেন। আগামী দিনগুলো যেন ভালো কাটে, সেই প্রার্থনা নিয়েই কুয়াকাটায় পুণ্যস্নান করতে এসেছেন। নির্বিঘ্নে ধর্মীয় আচার পালন করতে পেরে তিনি সন্তুষ্ট।

সৈকতে দেখা যায়, গবিন্দ চন্দ্র বড়াল সাগরের পানি হাতে নিয়ে স্ত্রী ও সন্তানের মাথায় ঢেলে দিচ্ছেন। কেউ নিজের মঙ্গল কামনায়, আবার কেউ প্রয়াত মা-বাবার আত্মার শান্তি কামনায় মানত পূরণ করছেন।


পুণ্যার্থী ভক্ত দাস জানান, কয়েক মাস আগে তার বাবা মারা গেছেন। বাবার নামে করা মানত পূরণে পূর্ণিমার তিথিতে রাসপূজার সময় মাথা ন্যাড়া করেছেন তিনি।

পটুয়াখালী জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি কাজল বরণ দাস বলেন, প্রতিবছরের মতো এবারও রাসপূজা উপলক্ষে রাতভর ধর্মীয় সংগীতানুষ্ঠান ও কৃষ্ণনাম যজ্ঞ অনুষ্ঠিত হয়েছে। সকালে পুণ্যলাভের আশায় দেশের বিভিন্ন স্থান থেকে আসা সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ পুণ্যস্নানে অংশ নেন। সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে পুণ্যার্থীরা স্নান সম্পন্ন করেছেন।

উৎসবকে কেন্দ্র করে পুণ্যার্থী ও দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করেন। 

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হাওলাদার বলেন, পুণ্যার্থী ও দর্শনার্থীদের নিরাপত্তা এবং প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হয়েছিল। আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারিতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই এবারের রাস উৎসব সম্পন্ন হয়েছে।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও কুয়াকাটা বিচ ম্যানেজমেন্ট কমিটির সদস্যসচিব আরিফুজ্জামান বলেন, এবারের আয়োজন পুণ্যার্থী ও দর্শনার্থীরা স্বতঃস্ফূর্তভাবে উপভোগ করেছেন। সার্বিকভাবে শান্তিপূর্ণ পরিবেশে উৎসব সম্পন্ন হয়েছে।

সময়ের আলো/জোই
  বিষয়:   পটুয়াখালী  কুয়াকাটা সৈকত  পুণ্যস্নান  রাস উৎসব  পূজা  পূর্ণিমা  পবিত্র তিথি  বঙ্গোপসাগর  পুণ্যস্নান  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: