
ছবি : সময়ের আলো
ছবি : সময়ের আলোসাতক্ষীরার আশাশুনিতে উপজেলা যুবদলের সদস্য সচিব আবু জাহিদ সোহাগের মাছের ঘের থেকে চাঁদপুরের হাজীগঞ্জে চুরি হওয়া একটি প্রাইভেটকার উদ্ধার করেছে পুলিশ। সোমবার ভোরে উপজেলার বুধহাটা ইউনিয়নের বাউসুলী (মান্দারা) এলাকার একটি ঘের থেকে সাদা রঙের টয়োটা করোলা গাড়িটি উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, হাজীগঞ্জ পৌরসভার হাকিমাবাদ গ্রামের আবুল কাশেমের একটি গাড়ি চুরির ঘটনায় গত ১৯ অক্টোবর হাজীগঞ্জ থানায় মামলা হয়। মামলাটির নম্বর ৩৩। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, চুরি হওয়া গাড়িটি সাতক্ষীরার আশাশুনি উপজেলার বাউসুলী এলাকায় ব্যবহার করা হচ্ছে।
এরপর রোববার রাতে হাজীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) নুরে আলম সাতক্ষীরায় আসেন। পরে আশাশুনি থানা পুলিশের সহযোগিতায় অভিযান চালিয়ে সোমবার ভোর ৬টার দিকে বাউসুলী এলাকার প্রায় ৪৫ বিঘার একটি মাছের ঘের থেকে গাড়িটি উদ্ধার করা হয়।
ঘেরটিতে কর্মরত বাউসুলী গ্রামের এনামুল শেখ জানান, প্রায় তিন মাস আগে পাশের ঘেরের কর্মচারী ইলিয়াসের মাধ্যমে আবু জাহিদ সোহাগ পুরোনো একটি করোলা গাড়ি কেনেন। গাড়িটির নম্বর ঢাকা মেট্রো-গ-২৫-৩২১৯। কেনার পর গাড়িটির পেছনে দেড় লাখ টাকা খরচ করা হয়। বিক্রেতাকে সম্প্রতি ২০ হাজার টাকা দেওয়া হলেও আরও ৩০ হাজার টাকা বকেয়া ছিল।
এনামুলের ভাষ্য, সোমবার ভোর সাড়ে ৫টার দিকে সাদা পোশাকে কয়েকজন ব্যক্তি এসে গাড়িটির ছবি তোলেন এবং মালিকের নাম জানতে চান। এর কিছুক্ষণ পর সকাল ৬টার দিকে পুলিশ গাড়িটি নিয়ে যায়।
প্রত্যক্ষদর্শী খোকন সরদার জানান, প্রায় তিন মাস ধরে গাড়িটি আবু জাহিদ সোহাগকে ব্যবহার করতে দেখা গেছে। সোমবার ভোরে আশাশুনি থানার এসআই ফিরোজ হোসেন, হাজীগঞ্জ থানার এসআই নুরে আলম ও গাড়ির মালিক এসে সেটি নিয়ে যান। পরে তারা জানতে পারেন, গাড়িটি চুরি হওয়া।
এ বিষয়ে যুবদল নেতা আবু জাহিদ সোহাগ বলেন, গাড়িটি তার নিজের নয়। তার ঘেরের পাশের ইলিয়াস নামের এক ব্যক্তির গাড়ি সেটি। জায়গার অভাবে ইলিয়াস তার ঘেরের বাসায় গাড়িটি রাখতেন। তিনি কখনো গাড়িটি ব্যবহার করেননি বলেও দাবি করেন।
হাজীগঞ্জ থানার এসআই নুরে আলম বলেন, মূল আসামি গ্রেফতার না হওয়া পর্যন্ত তদন্তের অনেক তথ্য গোপন রাখা হচ্ছে।
হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান বলেন, আবু জাহিদের হেফাজত থেকে চোরাই গাড়িটি উদ্ধার করা হয়েছে। তিনি চুরির সঙ্গে জড়িত কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে তাকে আইনের আওতায় আনা হবে।
আশাশুনি থানার ওসি মো. শাহীদুর রহমান বলেন, হাজীগঞ্জ থানা পুলিশ সোমবার ভোরে বাউসুলীর একটি মাছের ঘের থেকে প্রাইভেটকারটি উদ্ধার করে নিয়ে গেছে।
সময়ের আলো/জোই