প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ১২:০০ পিএম

দুর্গম অষ্টমীর চর ইউনিয়নে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত। ছবি : সময়ের আলো
দুর্গম অষ্টমীর চর ইউনিয়নে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত। ছবি : সময়ের আলোকুড়িগ্রামের চিলমারী উপজেলার ব্রহ্মপুত্র নদবেষ্টিত দুর্গম অষ্টমীর চর ইউনিয়নে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী এ ক্যাম্পে ২৫১ জন রোগীকে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। তাদের মধ্যে ৮৫ জনকে চশমা এবং ১২৫টির বেশি আই ড্রপ বিতরণ করা হয়েছে। এ ছাড়া চোখের অস্ত্রোপচারের জন্য ৩০ জন রোগীকে উলিপুরের মরিয়ম চক্ষু হাসপাতালে নেওয়া হচ্ছে।
সোমবার (২৩ নভেম্বর) ব্র্যাক মাইক্রোফাইন্যান্সের উদ্যোগে এবং স্থানীয় মরিয়ম চক্ষু হাসপাতালের সহযোগিতায় এ ক্যাম্পের আয়োজন করা হয়। ক্যাম্পকে ঘিরে চরাঞ্চলের মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যায়। আশপাশের বিভিন্ন চর থেকে নারী-পুরুষসহ নানা বয়সী মানুষ চোখের চিকিৎসা নিতে সেখানে আসেন।
ব্রহ্মপুত্র নদবেষ্টিত এসব চরাঞ্চলে যাতায়াতের প্রধান মাধ্যম নৌকা। পর্যাপ্ত চিকিৎসাসেবা না থাকায় অসুস্থ হলে স্থানীয়দের নৌকায় করে মূল ভূখণ্ড কিংবা জেলা শহরে যেতে হয়। এতে অতিরিক্ত অর্থ ও সময় ব্যয় হয়। ফলে অনেকেই প্রয়োজনীয় চিকিৎসা নিতে পারেন না। কখনো কখনো সামান্য চোখের সমস্যাও জটিল আকার ধারণ করে। এমন পরিস্থিতিতে বিনামূল্যে চিকিৎসা, চশমা ও আই ড্রপ পেয়ে স্বস্তি প্রকাশ করেন সেবাগ্রহীতারা।
স্থানীয় বাসিন্দা মনোয়ারা, আলিমন ও জয়নব জানান, চিকিৎসার জন্য জেলা শহরে যেতে হলে যাতায়াত খরচসহ নানা ভোগান্তি পোহাতে হয়। দুর্গম এলাকায় এ ধরনের চক্ষু চিকিৎসা ক্যাম্প তাদের জন্য বড় সুযোগ। তবে বিশেষ আয়োজনের পাশাপাশি নিয়মিত এমন চিকিৎসাসেবা চালুর দাবি জানান তাঁরা।
ব্র্যাক চিলমারীর এলাকা ব্যবস্থাপক (দাবি) মো. মাহবুবুর রহমান বলেন, যোগাযোগ বিচ্ছিন্নতার কারণে চরাঞ্চলের অনেক মানুষ প্রয়োজনীয় চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হন। তাদের কথা বিবেচনা করেই এ ক্যাম্পের আয়োজন করা হয়েছে। এর মাধ্যমে আড়াই শতাধিক মানুষ চক্ষু চিকিৎসা পেয়েছেন। পাশাপাশি বিনামূল্যে চশমা ও ওষুধ বিতরণ করা হয়েছে।
মরিয়ম চক্ষু হাসপাতালের সিনিয়র প্রোগ্রাম কো-অর্ডিনেটর হাসিবুল হাসান বলেন, প্রত্যন্ত চরাঞ্চলের আড়াই শতাধিক মানুষকে চক্ষু চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। অস্ত্রোপচারের জন্য ৩০ জন রোগীকে চরাঞ্চল থেকে নিজস্ব অর্থায়নে হাসপাতালে নেওয়া হবে। সেখানে তাদের বিনামূল্যে চিকিৎসা দেওয়া হবে।
চরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের চিকিৎসাবঞ্চনার মধ্যে এ উদ্যোগ কিছুটা স্বস্তি এনে দিয়েছে। স্থানীয়দের প্রত্যাশা, এ ধরনের কার্যক্রম নিয়মিত চালু থাকলে দুর্গম এলাকার মানুষ সহজেই প্রয়োজনীয় চক্ষু চিকিৎসাসেবা পাবেন।
সময়ের আলো/জোই