
ফ্যামিলি কার্ড ও সরকারি ঘরের প্রলোভনে অর্ধকোটি টাকা আত্মসাতের অভিযোগে আটক ৩। ছবি : সময়ের আলো
ফ্যামিলি কার্ড ও সরকারি ঘরের প্রলোভনে অর্ধকোটি টাকা আত্মসাতের অভিযোগে আটক ৩। ছবি : সময়ের আলোপিরোজপুরের কাউখালীতে ফ্যামিলি কার্ড, সরকারি ঘর ও গভীর নলকূপ দেওয়ার প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে প্রায় অর্ধকোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে একটি প্রতারক চক্রের বিরুদ্ধে। এ ঘটনায় চক্রের তিন সদস্যকে ধাওয়া করে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।
সোমবার (২৩ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাত ৯টার দিকে উপজেলার বিভিন্ন এলাকায় প্রতারণার বিষয়টি জানাজানি হয়। পরে উপজেলা বিএনপির সভাপতি এস এম আহসান কবির ও সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদের নেতৃত্বে স্থানীয় নেতাকর্মীরা অভিযুক্তদের ধাওয়া করে তিনজনকে আটক করেন। পরে তাদের কাউখালী থানায় হস্তান্তর করা হয়।
আটকরা হলেন, বাগেরহাটের চিতলমারী উপজেলার আজহার আলী মোল্লা (৪৫), তার স্ত্রী নাজমা বেগম (৩৫) ও ছেলে রাব্বি মোল্লা (২০)। তারা কাউখালী সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে বসবাস করতেন।
ভুক্তভোগীদের অভিযোগ, উপজেলার আসপরদী গ্রামসহ বিভিন্ন এলাকার শতাধিক মানুষের কাছ থেকে সরকারি সুবিধা পাইয়ে দেওয়ার কথা বলে টাকা সংগ্রহ করেছে চক্রটি। এর মূল হোতা হিসেবে অভিযুক্ত শাকিল আহমেদ নিজেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজ করেন বলে পরিচয় দিতেন। তিনি সাড়ে তিন হাজার টাকায় ফ্যামিলি কার্ড, ৫০ হাজার টাকায় সরকারি ঘর এবং ১৫ হাজার টাকায় গভীর নলকূপ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে টাকা নেন।
অভিযোগ রয়েছে, প্রায় দুই মাস আগে স্বল্পমূল্যে চাল, ডাল, তেল, আটা ও মসলা সরবরাহ করে স্থানীয়দের আস্থা অর্জন করে চক্রটি। পরে সরকারি সুবিধা পাইয়ে দেওয়ার আশ্বাসে বড় অঙ্কের টাকা সংগ্রহ করে আত্মগোপনে চলে যায় সদস্যরা। চক্রের প্রধান সহযোগী হিসেবে অভিযুক্ত ফাহিমা এক দিন আগেই কাউখালী ছেড়ে পালিয়ে যান বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।
প্রতারণার খবর ছড়িয়ে পড়ার পর টাকা হারানো নারী-পুরুষেরা কাউখালী থানায় ভিড় করেন। তাদের মধ্যে অর্ধশতাধিক নারী ছিলেন। ভুক্তভোগীদের তালিকায় দিনমজুরের পাশাপাশি স্কুলশিক্ষার্থী ও শিক্ষকও রয়েছেন।
থানায় অভিযোগ জানাতে আসা ব্যক্তিদের দেওয়া তথ্য অনুযায়ী, ৩৪ জন ফ্যামিলি কার্ডের জন্য, ৩৭ জন নিত্যপণ্য কেনার জন্য এবং ১২ জন সরকারি ঘর ও গভীর নলকূপ পাওয়ার আশায় টাকা দিয়েছেন। তবে প্রকৃত ভুক্তভোগীর সংখ্যা ও আত্মসাৎ করা অর্থের পরিমাণ আরও বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
উপজেলা বিএনপির সভাপতি এস এম আহসান কবির বলেন, প্রতারক চক্রের সদস্যদের ধাওয়া করে তিনজনকে আটক করা হয়েছে। তবে মূল হোতা পালিয়ে গেছেন। তাকে দ্রুত আইনের আওতায় আনতে প্রশাসনের সহযোগিতায় চেষ্টা চলছে।
এদিকে, বিপুলসংখ্যক ভুক্তভোগী থানায় জড়ো হওয়ার খবর পেয়ে রোববার রাতে কাউখালী থানায় যান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেহেনা আক্তার। এ সময় তিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে ঘটনার বিষয়ে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
কাউখালী থানার ওসি মো. আনোয়ার হোসেন বলেন, ফ্যামিলি কার্ড, সরকারি ঘর ও গভীর নলকূপ দেওয়ার প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগে তিনজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় বিএনপি নেতারা। প্রতারণার অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।
সময়ের আলো/জোই