প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ৮:৫৬ এএম
ভোরের হালকা কুয়াশায় বাড়ছে শীতের অনুভূতি। ছবি : সময়ের আলোহিমালয়ের হিমেল পরশে দেশের সর্বউত্তরের জেলা পঞ্চগড়ে ধীরে ধীরে জেঁকে বসতে শুরু করেছে শীত। হেমন্তের শেষভাগে রাতের তাপমাত্রা কমার পাশাপাশি উত্তর দিক থেকে বয়ে আসা হিমেল বাতাস ও ভোরের হালকা কুয়াশায় বাড়ছে শীতের অনুভূতি। দিন ও রাতের আবহাওয়ার পরিবর্তনে উত্তরের এ জনপদে ক্রমেই স্পষ্ট হয়ে উঠছে শীতের বার্তা।
মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোর ৬টায় তেঁতুলিয়ায় ১৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে স্থানীয় আবহাওয়া পর্যবেক্ষণাগার। এর আগে সোমবার (২৩ নভেম্বর) সকাল ৯টায় ১৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং রোববার একই সময়ে ১৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। রোববার থেকে সোমবার পর্যন্ত এক দিনের ব্যবধানে তাপমাত্রা কমেছে ২ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।
সকালে জেলার তেঁতুলিয়া উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে প্রকৃতি। শহর ও গ্রামীণ সড়কগুলোতে বিভিন্ন যানবাহন হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে। প্রয়োজনে ব্যতিরেকে অনেকে ঘর থেকে ঘরের বাইরে বের না হলেও জীবিকার তাগিদে শীত উপেক্ষা করে কাজে বের হতে দেখা গেছে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষদের।
স্থানীয়রা জানান, সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত শীতের অনুভূতি তুলনামূলক বেশি থাকছে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে হিমেল বাতাসে বাড়ছে ঠান্ডার তীব্রতা। সকালে সূর্যের দেখা মিললেও বিকেল গড়াতেই শীতল হয়ে উঠছে পরিবেশ। দিনের বেলায় রোদের উষ্ণতা থাকলেও সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে বাড়ছে শীতের আমেজ।
এদিকে ভোরের হালকা কুয়াশায় আচ্ছাদিত হয়ে পড়ছে জেলার বিভিন্ন এলাকা। সমতলের বিস্তীর্ণ চা-বাগান, ফসলের মাঠ ও গ্রামীণ জনপদে ফুটে উঠছে হেমন্তের স্নিগ্ধ রূপ। আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে সঙ্গে স্থানীয় বাসিন্দারাও নিতে শুরু করেছেন শীত মোকাবিলার প্রস্তুতি।
তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় জানান, মঙ্গলবার ভোর ৬টায় তেঁতুলিয়ায় ১৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এর আগে সোমবার সকাল ৯টায় ১৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়, যা ছিল ওই দিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা।
তিনি আরও জানান, এ অঞ্চলে সবে শীতের সূচনা হয়েছে। আগামী দিনগুলোতে রাতের তাপমাত্রা আরও কমতে পারে। ফলে শীতের অনুভূতিও ক্রমশ বাড়তে পারে।
সময়ের আলো/জোই