প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ৫:৩৫ এএম আপডেট: ২৪.১১.২০২৬ ৫:৩৭ এএম
ছবি : সংগৃহীত শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জনকে কেন্দ্র করে যশোরের বেনাপোল সীমান্তে বাড়তি সতর্কতা দেখা দিয়েছে। সীমান্তের নিরাপত্তা জোরদারে রাতভর সার্চলাইট জ্বালিয়ে টহল দিচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পাশাপাশি সীমান্তের গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর পয়েন্টগুলোতে রাতভর পাহারা দেওয়ার ঘোষণা দিয়েছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত থেকে বেনাপোল সীমান্তের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নেন বিএনপি নেতাকর্মীরা। এ সময় ‘আপা আপা করিস না, তোদের আপা আসবে না’ এবং ‘গোপালগঞ্জের গোলাপী আর কতকাল জ্বালাবি’সহ বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন তারা। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সতর্ক থাকার কথা জানান দলটির নেতাকর্মীরা।
এর আগে বেনাপোল স্থলবন্দর এলাকায় আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেন শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ নুরুজ্জামান লিটন। তার নেতৃত্বে মিছিলে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় তারা বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন।
এদিকে সীমান্তে নিরাপত্তা জোরদারে তৎপরতা বাড়িয়েছে ৪৯ বিজিবি। রাতের অন্ধকারে সীমান্তের স্পর্শকাতর পয়েন্টগুলোতে সার্চলাইট জ্বালিয়ে টহল দিচ্ছেন বিজিবি সদস্যরা। নিয়মিত টহলের পাশাপাশি সীমান্তের সার্বিক গতিবিধির ওপর নজর রাখা হচ্ছে। অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান ও যেকোনো ধরনের অপতৎপরতা ঠেকাতে বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে।
সীমান্তসংশ্লিষ্ট সূত্র জানায়, ডিসেম্বরকে সামনে রেখে সীমান্তে নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। দিন-রাত দায়িত্ব পালন করছেন বিজিবি সদস্যরা। একই সময়ে সীমান্তের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে বিএনপি নেতাকর্মীদের অবস্থান ও পাহারার উদ্যোগ ঘিরে বেনাপোল এলাকায় রাজনৈতিক তৎপরতাও বেড়েছে।
সময়ের আলো/জেডি