প্রকাশ: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ১১:১১ পিএম
যশোরে আ. লীগ নেতাদের বাড়িতে ককটেল নিক্ষেপ। ছবি : সময়ের আলোযশোর শহরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকজন নেতার বাড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপ ও বিস্ফোরণের খবর পাওয়া গেছে। তবে এতে কেউ হতাহত হননি।
রোববার রাত ১২টা ১৫ মিনিট থেকে ১২টা ২০ মিনিটের মধ্যে পুরোনো কসবা, ঢাকা রোড-সংলগ্ন ঘোষপাড়া এবং পোস্ট অফিসপাড়ায় এসব ঘটনা ঘটে।
এ বিষয়ে কোতোয়ালি থানার ওসি কবির হোসেন বলেন, যশোর শহরের পোস্ট অফিসপাড়ার একটি বাড়িতে ককটেল নিক্ষেপের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলগুলো পরিদর্শন করেছে। পোস্ট অফিসপাড়ায় মাসুম আহমেদ শ্যামলের বাড়িতে ককটেল বিস্ফোরণের আলামত পাওয়া গেছে বলেও জানান ওসি।
স্থানীয়রা জানান, পুরোনো কসবার ঘোষপাড়ায় আব্দুস সাত্তার চাকলাদারের বাড়িতে বিস্ফোরণে সিঁড়িঘরের একটি কাচ ভেঙে গেছে। তিনি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শাহীন চাকলাদারের ভাই।
একই এলাকায় সাবেক উপজেলা চেয়ারম্যান তৌহিদ চাকলাদার ফন্টুর বাড়িতেও ককটেল নিক্ষেপের খবর পাওয়া গেছে। এ ছাড়া ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বিপুলের বাড়ি লক্ষ্য করে পাঁচটি ককটেল নিক্ষেপের দাবি করেছেন তার স্বজনরা।
সময়ের আলো/আতা