প্রকাশ: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ১০:২৮ পিএম
রাতের আঁধারে ৭০০ কলাগাছ কেটে সাবাড়। ছবি : সময়ের আলোশেরপুরের শ্রীবরদীতে রাতের আঁধারে একটি কলাবাগানের প্রায় ৭০০ ফলবান কলাগাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন বাগানমালিক নুর হোসেন।
রোববার (২২ নভেম্বর) সকালে উপজেলার ৮ নম্বর খড়িয়া কাজিরচর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ খড়িয়া গ্রামের বাগানে গিয়ে গাছ কাটার বিষয়টি দেখতে পান তিনি।
বাগানমালিক নুর হোসেন প্রায় ১৫৫ শতাংশ জমিতে দুই হাজার কলাগাছ নিয়ে বাগান গড়ে তুলেছিলেন। দীর্ঘদিনের পরিচর্যায় অধিকাংশ গাছেই ফলন এসেছিল। এর মধ্যে রাতের কোনো একসময় দুর্বৃত্তরা বাগানে ঢুকে ৭০০ থেকে ৮০০টি ফলবান কলাগাছ কেটে ফেলে।
বাগানমালিক নুর হোসেন জানান, দীর্ঘদিনের পরিশ্রম ও অর্থ বিনিয়োগে গড়ে তোলা বাগানের এমন ক্ষতিতে তিনি দিশেহারা হয়ে পড়েছেন। এ ঘটনায় প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান। তবে কারা এবং কি কারণে এ ঘটনা ঘটিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এ বিষয়ে শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মিজানুর রহমান ভূঁঞা অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করার কথা জানান।
সময়ের আলো/আতা