স্বাধীনতার ৫৫ বছরেও অরক্ষিত রাজাপুরের বধ্যভূমিগুলো

আতিকুর রহমান, ঝালকাঠি

সারাদেশ

মহান মুক্তিযুদ্ধের ইতিহাসে বরিশাল অঞ্চলের জন্য ২৩ নভেম্বর একটি শোক ও গৌরবের দিন। ১৯৭১ সালের এই দিনে দুই বীর মুক্তিযোদ্ধার

2026-11-23T20:41:20+00:00
2026-11-23T20:41:20+00:00
 
  মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬,
১০ অগ্রহায়ণ ১৪৩৩
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
সারাদেশ
স্বাধীনতার ৫৫ বছরেও অরক্ষিত রাজাপুরের বধ্যভূমিগুলো
আতিকুর রহমান, ঝালকাঠি
প্রকাশ: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৮:৪১ পিএম 
স্বাধীনতার ৫৫ বছরেও অরক্ষিত রাজাপুরের বধ্যভূমি। ছবি : সময়ের আলো
স্বাধীনতার ৫৫ বছরেও অরক্ষিত রাজাপুরের বধ্যভূমি। ছবি : সময়ের আলো
মহান মুক্তিযুদ্ধের ইতিহাসে বরিশাল অঞ্চলের জন্য ২৩ নভেম্বর একটি শোক ও গৌরবের দিন। ১৯৭১ সালের এই দিনে দুই বীর মুক্তিযোদ্ধার আত্মত্যাগ এবং রক্তক্ষয়ী সম্মুখযুদ্ধের মাধ্যমে ঝালকাঠির রাজাপুর থানা পাকিস্তানি হানাদার বাহিনীর হাত থেকে মুক্ত হয়। তবে স্বাধীনতার ৫৫ বছর পেরিয়ে গেলেও রাজাপুর উপজেলার বধ্যভূমিগুলো আজও যথাযথভাবে সংরক্ষণ করা হয়নি। উল্লেখযোগ্য দুটি স্থানে স্মৃতিফলক নির্মিত হলেও বাকি স্থানগুলো পড়ে আছে চরম অযত্ন ও অবহেলায়। মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত এসব বধ্যভূমি ও গুরুত্বপূর্ণ স্থান সংরক্ষণের উদ্যোগ না নেওয়ায় শহীদদের স্মৃতি রক্ষা এবং নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের গৌরবময় ইতিহাস তুলে ধরা নিয়ে স্থানীয় মুক্তিযোদ্ধাদের মধ্যে তীব্র ক্ষোভ ও আক্ষেপ বিরাজ করছে।

ইতিহাস থেকে জানা যায়, ১৯৭১ সালের ২৩ নভেম্বর বরিশাল অঞ্চলের মধ্যে রাজাপুর থানাই সর্বপ্রথম হানাদারমুক্ত হয় এবং বৃহত্তর বরিশালের মধ্যে রাজাপুরের আকাশেই প্রথম স্বাধীন বাংলাদেশের পতাকা ওড়ে। মুক্তিযোদ্ধারা জানান, ২২ নভেম্বর রাতে প্রায় তিনশ মুক্তিযোদ্ধা রাজাপুর থানা আক্রমণ করলে প্রবল সম্মুখযুদ্ধ শুরু হয়, যা চলে পরদিন সকাল পর্যন্ত। সেই যুদ্ধে আব্দুর রাজ্জাক ও হোসেন আলী নামে দুজন বীর মুক্তিযোদ্ধা শহীদ হন এবং আহত হন অন্তত ২০ জন। সে সময় রাজাপুর থানা কমান্ডারের দায়িত্বে ছিলেন কেরামত আলী আজাদ।

মুক্তিযুদ্ধের সময় সারা দেশকে ১১টি সেক্টরে ভাগ করা হলে রাজাপুর থানা ছিল বরিশাল সাব-সেক্টরের অধীনে। এই সাব-সেক্টরের দায়িত্বে থাকা ক্যাপ্টেন শাহজাহান ওমর উপজেলার কানুদাসকাঠিতে মুক্তিযোদ্ধাদের ঘাঁটি স্থাপন করেছিলেন। রাজাপুর থানায় সম্মুখযুদ্ধ শুরু হলে তিনি সরাসরি অংশ নেন এবং গুলিবিদ্ধ হন। মুক্তিযুদ্ধে অসামান্য বীরত্বের জন্য তিনি ঝালকাঠি জেলার একমাত্র ‘বীর উত্তম’ খেতাবে ভূষিত হন।

বীর মুক্তিযোদ্ধা দুলাল সাহা সেই দিনের স্মৃতিচারণ করে বলেন, রাজাপুরের সম্মুখযুদ্ধে আব্দুর রাজ্জাক ও হোসেন আলী শহীদ হন এবং দীর্ঘ লড়াইয়ের পর ২৩ নভেম্বর সকালে পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করতে বাধ্য হয়। এ বিজয় ছিল এ অঞ্চলের মুক্তিকামী মানুষের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত। জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সত্যবান সেনগুপ্তও জানান, সাব-সেক্টর কমান্ডার ক্যাপ্টেন শাহজাহান ওমর কানুদাসকাঠিতে ঘাঁটি গেড়েছিলেন এবং রাজাপুর থানার যুদ্ধে সরাসরি অংশ নিয়ে গুলিবিদ্ধ হয়েছিলেন, যার স্বীকৃতিস্বরূপ তিনি বীর উত্তম খেতাব পান।

মুক্তিযোদ্ধাদের দেওয়া তথ্যমতে, রাজাপুর থানা ঘাটের বধ্যভূমিতে প্রায় ৭০০ থেকে ৮০০ নিরীহ বাঙালিকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। এছাড়া সাব-সেক্টর কমান্ডার ক্যাপ্টেন শাহজাহান ওমরের বাড়ির সামনের বধ্যভূমিতে হত্যা করা হয় আরও প্রায় ২০০ মানুষকে। কিন্তু এত বড় গণহত্যার স্মৃতিবিজড়িত স্থানগুলো আজও সংরক্ষিত হয়নি; নেই প্রয়োজনীয় স্মৃতিফলক কিংবা নতুন প্রজন্মকে ইতিহাস জানানোর কোনো ব্যবস্থা। স্বাধীনতার ৫৫ বছর পরও এসব স্থান অরক্ষিত থাকায় স্থানীয়রা হতাশ। তাদের মতে, ইতিহাসের সাক্ষী এসব স্থান সংরক্ষণ করা গেলে শহীদদের প্রতি যেমন যথাযথ সম্মান প্রদর্শন করা হবে, তেমনি ভবিষ্যৎ প্রজন্মও রাজাপুরের মুক্তির গৌরবোজ্জ্বল ইতিহাস জানতে পারবে।

রাজাপুর উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শাহ-আলম নান্নু বলেন, মুক্তিযুদ্ধের সময় এ অঞ্চলের মানুষ বিশাল ত্যাগ স্বীকার করেছেন। অনেক মুক্তিযোদ্ধা আজও নানা সংকটে দিন কাটাচ্ছেন। তাই তাদের অবদান ও স্মৃতি যথাযথভাবে সংরক্ষণ করা অত্যন্ত জরুরি।

এদিকে নিজের আক্ষেপের কথা জানিয়ে বীর মুক্তিযোদ্ধা আব্দুস সোবাহান বলেন, স্বাধীনতার ৫৫ বছর পার হলেও সরকারি উদ্যোগে মুক্তিযোদ্ধাদের জন্য বরাদ্দকৃত ঘর তিনি এখনো পাননি। অনেকেই এই ঘর পেলেও তিনি বঞ্চিত রয়েছেন। মৃত্যুর আগে অন্তত একটি ঘর পাওয়ার আকুতি জানিয়ে তিনি বলেন, যে দেশের স্বাধীনতার জন্য যুদ্ধ করেছেন, সেই দেশের দেওয়া উপহারের ঘরে শেষ জীবন কাটাতে পারলে মৃত্যুর পরও তিনি শান্তি পাবেন।

মুক্তিযোদ্ধা শাহ-আলম খসরু, বাবুল খলিফা ও জালাল খান মনে করেন, মুক্তিযুদ্ধের ইতিহাস ও স্মৃতিচিহ্ন রক্ষায় এখনই কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। বধ্যভূমিগুলো চিহ্নিত করে সংরক্ষণ, স্মৃতিস্তম্ভ নির্মাণ এবং নতুন প্রজন্মকে এসব স্থানের ইতিহাস জানার সুযোগ করে না দিলে একসময় মুক্তিযুদ্ধের অনেক গুরুত্বপূর্ণ স্মৃতি চিরতরে হারিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

এ বিষয়ে রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আরা মৌরি জানান, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে রাজাপুরের বধ্যভূমিগুলো সংরক্ষণের উদ্যোগ নেওয়া হবে এবং এ লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

সময়ের আলো/আতা
  বিষয়:   মুক্তিযুদ্ধ  ইতিহাস  বরিশাল  নভেম্বর  শোক  গৌরব  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: