প্রকাশ: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৯:১৬ পিএম
ফটিকছড়ি থানা। ছবি : সময়ের আলোচট্টগ্রামের ফটিকছড়িতে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে গভীর রাতে ঝটিকা মশাল মিছিল, সড়কে গাছ ফেলে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি এবং নাশকতার প্রস্তুতির অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় ৬৪ জনের নাম উল্লেখ করার পাশাপাশি অজ্ঞাতনামা আরও ৮০ থেকে ৯০ জনকে আসামি করা হয়েছে।
ফটিকছড়ি থানার উপপরিদর্শক (এসআই) মো. জামাল হোসেন বাদী হয়ে মামলাটি করেন। এতে ফটিকছড়ি পৌরসভার আন্ডা মার্কেট এলাকার বাসিন্দা মো. হান্নান চৌধুরীকে (৪০) এক নম্বর পলাতক আসামি করা হয়েছে।
এজাহার সূত্রে জানা যায়, গত ১৯ নভেম্বর রাতে নাজিরহাট পৌরসভার চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কে গাছ ফেলে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি এবং মশাল ও ইটপাটকেল নিয়ে মিছিল করার খবর পায় পুলিশ। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে মিছিলকারীরা গাছ, মশাল ও ইটপাটকেল ফেলে পালিয়ে যান। পরে একই রাতে পাইন্দংয়ের হাইদচকিয়ায় অনুরূপ কর্মকাণ্ডের খবর পেয়ে অভিযান চালায় পুলিশ এবং ঘটনাস্থল থেকে মশাল ও ইটের ভাঙা অংশ উদ্ধার করে।
এজাহারে আরও উল্লেখ করা হয়েছে, প্রথম ঘটনাস্থল থেকে বাঁশের তৈরি ছয়টি মশাল, ১২টি ইটের ভাঙা অংশ ও তিনটি গাছের টুকরা উদ্ধার করা হয়। এছাড়া দ্বিতীয় স্থান থেকে আরও পাঁচটি মশাল ও ছয়টি ইটের ভাঙা অংশ জব্দ করা হয়। সব মিলিয়ে দুই দফায় মোট ১১টি মশাল, ১৮টি ইটের ভাঙা অংশ এবং তিনটি গাছের টুকরা জব্দ করেছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল আলম খান জানান, নাশকতার চেষ্টার অভিযোগে মামলাটি রুজু করা হয়েছে এবং পলাতক আসামিদের দ্রুত গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
সময়ের আলো/আতা