প্রকাশ: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৬:৪১ পিএম

পুরোনো মেঘনা-গোমতী সেতু। ছবি : সময়ের আলো
পুরোনো মেঘনা-গোমতী সেতু। ছবি : সময়ের আলোকুমিল্লার দাউদকান্দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ৪২তম কিলোমিটারে অবস্থিত মেঘনা-গোমতী সেতুর চট্টগ্রাম মুখী লেনে বেয়ারিং প্যাডে ত্রুটি দেখা দিয়েছে। সেতুটির জরুরি মেরামত কাজের জন্য সেতুটি দিয়ে সব ধরনের যান চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। বিকল্প হিসেবে পাশের দুই লেনের নতুন সেতুটি ব্যবহারের অনুরোধ জানিয়েছে সড়ক ও জনপথ (সওজ) অধিদফতর।
রোববার (২২ নভেম্বর) বিকেল ৫টা থেকে সেতুটি বন্ধ রাখা হয়েছে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে সড়ক ও জনপথ (সওজ) অধিদফতর।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ৪২তম কিলোমিটারে পুরানো দাউদকান্দি-মেঘনা-গোমতী সেতুর চট্টগ্রামমুখী অংশে জরুরি মেরামত কাজ চলবে। এ জন্য রোববার(২২ নভেম্বর) বিকেল ৫টা থেকে সেতুটি সাময়িকভাবে বন্ধ থাকবে। মেরামত কাজ চলাকালে চট্টগ্রাম মুখী যানবাহনগুলোকে একই স্থানে অবস্থিত নতুন সেতুটি ব্যবহার করার জন্য অনুরোধ জানিয়েছে সড়ক ও জনপথ (সওজ) অধিদফতর।
দাউদকান্দি হাইওয়ে পুলিশ ও সেতুর রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আবদুর রহিম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, পুরোনো সেতুর চট্টগ্রামমুখী কুমিল্লার দাউদকান্দি অংশে বেয়ারিং প্যাডে অতিরিক্ত কম্পন দেখা দেওয়ায় নিরাপত্তার কথা বিবেচনা করে সেতুটি দিয়ে সব ধরনের যান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। বিশেষজ্ঞ দল সেতুটি সরেজমিনে পরিদর্শনের পর ত্রুটির প্রকৃত ধরন এবং তা মেরামত করতে কত দিন সময় লাগতে পারে তা জানা যাবে। পুরোনো সেতুটি সাময়িক বন্ধ থাকলেও যান চলাচল সচল রাখতে পাশের দুই লেন বিশিষ্ট নতুন সেতু দিয়ে ঢাকা ও চট্টগ্রামমুখী উভয় দিকের যানবাহন চলাচলের ব্যবস্থা নেওয়া হয়েছে।
এ বিষয়ে হাইওয়ে পুলিশের কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার মো. মনজুর মোরশেদ বলেন, সড়ক ও জনপথ বিভাগ থেকে সেতুতে ত্রুটির বিষয়টি জানানো হয়েছে। মেরামতের জন্য চট্টগ্রামমুখী পুরানো সেতুর দুই লেন বন্ধ রাখা হয়েছে। বিকল্প সেতু দিয়ে উভয়মুখী যান চলাচল নির্বিঘ্ন রাখতে হাইওয়ে পুলিশ প্রস্তুত রয়েছে। আশা করছি, যানজট বা যাত্রীদের ভোগান্তি তৈরি হবে না।
তবে বিষয়টি নিয়ে কিছুটা আক্ষেপ প্রকাশ করে তিনি বলেন, সেতুর ত্রুটির খবর আরও আগে জানানো হলে যাত্রী ও সাধারণ মানুষকে আগে ভাগে সতর্ক করা এবং যানজট নিয়ন্ত্রণে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে সুবিধা হতো।
প্রসঙ্গত,ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দিতে মেঘনা-গোমতী নদীর ওপর পুরোনো সেতুটি দিয়ে সাধারণত চট্টগ্রামমুখী এবং নতুন দুই লেনের সেতুটি দিয়ে ঢাকামুখী যানবাহন চলাচল করে। এর আগেও বিভিন্ন সময়ে পুরোনো সেতুটি মেরামতের প্রয়োজনে যান চলাচল বন্ধ রাখা হয়েছিল। সে সময় নতুন সেতু দিয়ে উভয় দিকের যানবাহন চলাচল করায় যানজটের আশঙ্কা তৈরি হয়েছিল। পরিস্থিতি স্বাভাবিক রাখতে মুন্সীগঞ্জের ভবেরচর ও কুমিল্লার দাউদকান্দি হাইওয়ে থানার পুলিশ সদস্যদের সেতুর দুই প্রান্তে বাড়তি সতর্ক অবস্থানে দায়িত্ব পালন করতে হয়েছিল।
সময়ের আলো/আতা