প্রকাশ: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৮:৩৪ পিএম

ছবি : সময়ের আলো
ছবি : সময়ের আলোপাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীর বালুমহালের নিয়ন্ত্রণ ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে পাঁচজন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার সাড়া ইউনিয়নের ইসলামপুর ঘাট এলাকায় এ সংঘর্ষ ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, পদ্মার বালুমহাল দখল নিয়ে লালপুরের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা কাকন বাহিনীর সঙ্গে ঈশ্বরদীর স্বেচ্ছাসেবক দল নেতা মেহেদী হাসান গ্রুপের দীর্ঘদিনের বিরোধ ছিল। এরই ধারাবাহিকতায় আজ সন্ধ্যায় মেহেদী হাসানের অনুসারী ছাত্রদল নেতাকর্মীরা ইসলামপুর পদ্মা ঘাট এলাকায় বিক্ষোভ মিছিল বের করেন। আহতদের বেশিরভাগই স্থানীয় ছাত্র দল ও যুবদলের নেতাকর্মী।
অভিযোগ উঠেছে, মিছিল চলাকালে কাকন বাহিনীর সদস্যরা অতর্কিত হামলা চালিয়ে গুলিবর্ষণ শুরু করে। এতে মেহেদী গ্রুপের পাঁচজন গুলিবিদ্ধ হন।
গুলিবিদ্ধ ব্যক্তিরা হলেন উপজেলার পূর্ব টেংরী এলাকার রিপন খাঁর ছেলে মিজান খাঁ, শেরশাহ রোড এলাকার রওশন আলমের ছেলে রিফাত হোসেন, ঈদগাহ রোড এলাকার পিরু হোসেনের ছেলে রিশাদ হোসেন, শেখপাড়া এলাকার বাবলু হোসেনের ছেলে রবিউল এবং মহিদুল ইসলাম। স্থানীয় সূত্রে জানা গেছে, আহতদের অধিকাংশই স্থানীয় ছাত্রদল ও যুবদলের নেতাকর্মী।
ঘটনার পর আহতদের উদ্ধার করে প্রথমে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তবে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
আহতদের দাবি, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে ছাত্রদলের নেতাকর্মীরা ওই মিছিলটি বের করেছিলেন। সে সময় দুর্বৃত্তদের গুলিতে তারা আহত হন।
এ বিষয়ে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, বালুমহাল দখল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় আহত পাঁচজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানতে পেরেছি।
সময়ের আলো/আতা