
সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম শেখ হাসিনা বাংলাদেশে আর কখনও ফিরে আসবে না । ছবি : সময়ের আলো
সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম শেখ হাসিনা বাংলাদেশে আর কখনও ফিরে আসবে না । ছবি : সময়ের আলোরাজবাড়ীতে আওয়ামী লীগকে সন্ত্রাসী কার্যক্রম চালানোর কোনো সুযোগ দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। তিনি বলেন, রাজবাড়ীর মানুষ রাজনৈতিকভাবে সচেতন। যারা ষড়যন্ত্র করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করবে, তাদের আর ছাড় দেওয়া হবে না। শক্ত হাতে প্রতিহত করা হবে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে শহরের ১নং রেলগেটস্থ বটতলায় রাজবাড়ী জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত নৈরাজ্য ও সন্ত্রাসবিরোধী গণমিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, আপনারা কেউ রাজবাড়ীকে অশান্ত করার চেষ্টা করবেন না। আওয়ামীলীগ যদি সন্ত্রাসী কার্যক্রম চালাতে চায় তাহলে বিএনপির কর্মীরা তাদের বাড়ীতে বাড়ীতে যাবেন। তাদের এবং তাদের পরিবারকে বোঝাবেন, তাদেরকে বললেন শেখ হাসিনা বাংলাদেশে আর কখন ফিরে আসবে না।
তিনি বলেন, বিএনপি নেতা-কর্মীদের আটক, গ্রেফতার, নির্যাতন, কারাগারে পাঠানো, লুটপাট, গুম ও হত্যার মতো ঘটনা ঘটেছে। তার বাড়ীতে ভাঙচুর করা হয়েছে এবং তার বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। জুলাই আগস্টে শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত প্রায় দেড় হাজার মানুষ গুলিতে নিহত হয়েছেন এবং অসংখ্য মানুষ পঙ্গু হয়েছেন। এসব ঘটনার কারণে দেশের মানুষ ফুঁসে উঠেছিল এবং গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনা ভারত পালিয়ে যেতে বাধ্য হন।
আওয়ামী লীগের নেতাকর্মীদের আত্মোপলব্ধি করার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, রাজবাড়ীতে তাদের সঙ্গে দেখা হলে তিনি নিজেদের অপরাধ ও পরিণতি নিয়ে ভাবার পরামর্শ দেন। তবে আওয়ামী লীগ ভারতে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেন তিনি। তার দাবি, দেশের বিভিন্ন স্থানে সন্ত্রাসী কর্মকাণ্ডের চেষ্টা চলছে। গোপালগঞ্জে এমন ঘটনা ঘটলেও রাজবাড়ীতে কোনো সন্ত্রাসী কার্যক্রম চালানোর সুযোগ দেওয়া হবে না।
তারেক রহমানের নেতৃত্বে দেশে নতুন সম্ভাবনার সূচনা হবে উল্লেখ করে তিনি বলেন, বিএনপি এমন একটি বাংলাদেশ গড়তে চায়, যেখানে মানুষ শান্তিতে থাকবে এবং শিক্ষার্থীরা নির্ভয়ে স্কুল-কলেজে যেতে পারবে।
পদ্মা ব্যারেজ ও দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের দাবি প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, ১৯৯৩ সাল থেকে তিনি এ বিষয়ে আন্দোলন করে আসছেন। এলাকার আর্থসামাজিক উন্নয়নের জন্য পদ্মা ব্যারেজ ও দ্বিতীয় পদ্মা সেতু অত্যন্ত প্রয়োজন। বিএনপির জাতীয় ও স্থানীয় নির্বাচনী ইশতেহারেও বিষয়টি অন্তর্ভুক্ত ছিল। প্রধানমন্ত্রী তারেক রহমান রাজবাড়ী ও পাবনাকে সংযুক্ত করে ওয়াই-টাইপ দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের ঘোষণা দিয়েছেন। পাশাপাশি পদ্মা ব্যারেজের কার্যক্রম শুরু হয়েছে এবং কয়েক দিন আগে দ্বিতীয় পদ্মা সেতুর কার্যক্রম শুরুর আনুষ্ঠানিক অনুমোদন দেওয়া হয়েছে বলে জানান তিনি। দীর্ঘ ৩৪ বছর পর এ উদ্যোগ রাজবাড়ীবাসীর জন্য বড় প্রাপ্তি বলেও মন্তব্য করেন প্রতিমন্ত্রী।
রাজবাড়ীতে প্রায় সাড়ে ৮ হাজার কোটি টাকা ব্যয়ে বৃহত্তর রেলওয়ে ওয়ার্কশপ নির্মাণের উদ্যোগের কথা জানিয়ে তিনি বলেন, এটি বাস্তবায়িত হলে এলাকার চিত্র বদলে যাবে। তবে শুধু ওয়ার্কশপ নির্মাণ করলেই হবে না; পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে, ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ করতে হবে এবং শিল্প-কারখানা প্রতিষ্ঠা করতে হবে।
তিনি বলেন, রাজবাড়ী শহরের পাশাপাশি গোয়ালন্দ, পাংশা, বালিয়াকান্দি ও কালুখালীকে পরিকল্পিতভাবে গড়ে তুলতে হবে। নাগরিক সুযোগ-সুবিধা বাড়িয়ে শহর ও গ্রামগুলোকে সুন্দর করতে হবে। প্রতিটি ইউনিয়নের মানুষ যেন শান্তিতে বসবাস করতে পারে এবং নিজ এলাকায় শিক্ষা ও ব্যবসা-বাণিজ্যের সুযোগ পায়, সে উদ্যোগ নেওয়া প্রয়োজন।
রাজবাড়ী সদরের ১৪টি ইউনিয়ন ভেঙে পাঁচটি ইউনিয়ন নিয়ে নতুন উপজেলা গঠনের উদ্যোগের কথা জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, নতুন উপজেলা হলে বরাদ্দ বাড়বে, কর্মসংস্থান সৃষ্টি হবে এবং অবকাঠামোগত উন্নয়ন ত্বরান্বিত হবে। এছাড়া গোয়ালন্দের জামতলা থেকে পাংশার হাবাসপুর পর্যন্ত পদ্মা ব্যারেজের বেড়িবাঁধের রাস্তা প্রশস্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। রাজবাড়ী শহরে বাইপাস সড়ক নির্মাণের পরিকল্পনাও রয়েছে।
তিনি বলেন, রাজবাড়ী ও গোয়ালন্দের উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। কোনো ষড়যন্ত্র যেন ঐক্যকে দুর্বল করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
জেলা বিএনপির সাবেক আহ্বায়ক নঈম আনসারীর সভাপতিত্বে ও জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক এ মজিদ বিশ্বাসের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সালাম মন্ডল, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব এবিএম মঞ্জুরুল আলম দুলাল, জেলা বিএনপির অন্যতম নেতা অর্নব নেওয়াজ মাহমুদ ঋষিত, সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কে এ সবুর শাহীন, জেলা যুবদলের আহ্বায়ক খায়রুল আনাম বকুল, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক প্রমূখ বক্তব্য রাখেন।
এ সময়, জেলা বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে জেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা গণমিছিলে অংশ নেন। তারা বিভিন্ন স্লোগান দিয়ে মিছিল করেন। পরে রাজবাড়ী ১নং রেলগেট চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সময়ের আলো/এসকে