প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ১১:০৪ পিএম

ওয়াজেদ আলী। ছবি : সংগৃহীত
ওয়াজেদ আলী। ছবি : সংগৃহীতজয়পুরহাটে ডিউটি শেষে কারাগারের ব্যারাকে না ফিরে এক কলেজছাত্রীকে নিয়ে জেনারেল হাসপাতালের বারান্দায় রাত কাটানোর অভিযোগ উঠেছে ওয়াজেদ আলী (৪২) নামে এক কারারক্ষীর বিরুদ্ধে। রোগীর স্বজনদের সন্দেহ হলে তারা বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে জানান। পরে হাসপাতাল কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতে পুলিশ ওই কারারক্ষী ও কলেজছাত্রীকে থানায় নিয়ে যায়।
সোমবার রাত আড়াইটার দিকে জয়পুরহাট জেনারেল হাসপাতালের মেডিসিন ওয়ার্ডের বারান্দায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত ওয়াজেদ আলী জয়পুরহাট কারাগারে কারারক্ষী হিসেবে কর্মরত। তার বাড়ি নওগাঁর বদলগাছী উপজেলায়। ওই কলেজছাত্রীর বাড়িও একই উপজেলায়।
মঙ্গলবার দুপুরে থানায় গিয়ে দেখা যায়, কারারক্ষী ওয়াজেদ আলীকে হাজতে এবং ওই কলেজছাত্রীকে নারী ও শিশু সহায়তা কক্ষে রাখা হয়েছে।
সদর থানার ওসি নুরে আলম সিদ্দিকী বলেন, হাসপাতালের বারান্দায় অসামাজিক কার্যকলাপের অভিযোগে হাসপাতাল কর্তৃপক্ষ ওই কারারক্ষী ও কলেজছাত্রীকে পুলিশে দিয়েছে। কলেজছাত্রীর পরিবারের সদস্যদের থানায় আসতে বলা হয়েছে।
জয়পুরহাট কারাগারের জেল সুপার উম্মে সালমা বলেন, ওয়াজেদ আলীর সোমবার রাত ১১টা থেকে রাত ১টা পর্যন্ত দায়িত্ব পালন করার কথা ছিল। মঙ্গলবার সকাল ৬টা থেকে তার আবার দায়িত্বে যোগ দেওয়ার কথা থাকলেও তিনি কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। থানার এক পুলিশ সদস্য কারাগারে এসে বিষয়টি জানিয়েছেন।
ওই কলেজছাত্রী জানান, রাতে ওয়াজেদ আলীর সঙ্গে হাসপাতালে অবস্থান করার সময় লোকজন তাদের আটক করে। পরে পুলিশ তাদের থানায় নিয়ে আসে। ওয়াজেদের স্ত্রী ও সন্তান থাকার বিষয়টি তিনি আগে থেকেই জানেন। তার প্রেমের সম্পর্ক রয়েছে ওয়াজেদের সঙ্গে। তবে এ ঘটনার কারণে ওয়াজেদের চাকরির কোনো ক্ষতি হোক, তা তিনি চান না।
সদর থানা পুলিশ ও কারাগার সূত্রে জানা গেছে, ওয়াজেদ আলীর সঙ্গে ওই কলেজছাত্রীর প্রেমের সম্পর্ক রয়েছে। সোমবার ওই ছাত্রী জয়পুরহাটে এসে তার সঙ্গে দেখা করেন। ওয়াজেদ আলীর রাত ১১টা থেকে রাত ১টা পর্যন্ত কারাগারে দায়িত্ব পালনের কথা ছিল। দায়িত্ব শেষ করে নিয়ম অনুযায়ী তার কারাগারের ব্যারাকে ফিরে যাওয়ার কথা থাকলেও তিনি সেখানে যাননি। বরং এক কলেজছাত্রীকে সঙ্গে নিয়ে জয়পুরহাট জেনারেল হাসপাতালের মেডিসিন ওয়ার্ডের বারান্দায় অবস্থান করেন। গভীর রাতে হাসপাতালের বারান্দায় তাদের আচরণ দেখে রোগীর স্বজনদের সন্দেহ হয়।
সময়ের আলো/প্রিন্ট/এনএন