প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ১০:৫৯ পিএম

গোবরাকুড়া ও কড়ইতলী স্থলবন্দর দিয়ে আবারও ভারতীয় কয়লা আমদানি শুরু হয়েছে। ছবি : সংগৃহীত
গোবরাকুড়া ও কড়ইতলী স্থলবন্দর দিয়ে আবারও ভারতীয় কয়লা আমদানি শুরু হয়েছে। ছবি : সংগৃহীতপ্রায় পাঁচ মাস বন্ধ থাকার পর ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার গোবরাকুড়া ও কড়ইতলী স্থলবন্দর দিয়ে আবারও ভারতীয় কয়লা আমদানি শুরু হয়েছে। সোমবার বন্দর দুটির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে কয়লা আমদানি কার্যক্রম চালু হয়। দীর্ঘদিন আমদানি বন্ধ থাকায় স্থবির হয়ে পড়া বন্দরকেন্দ্রিক ব্যবসা-বাণিজ্যে নতুন করে প্রাণচাঞ্চল্য ফিরতে শুরু করেছে। একই সঙ্গে কাজ ফিরে পাওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন বন্দরের শ্রমিকরা। গত ২৭ জুন থেকে বন্দর দুটিতে কয়লা আমদানি বন্ধ ছিল।
আমদানি কার্যক্রম পুনরায় চালুর সময় উপস্থিত ছিলেন কড়ইতলী-গোবরাকুড়া স্থলবন্দরের ট্রাফিক পরিদর্শক মো. হামিদুর রহমান, কড়ইতলী-গোবরাকুড়া আমদানি ও রফতানিকারক উন্নয়ন সমবায় সমিতির সদস্য, স্থানীয় ব্যবসায়ী এবং বন্দরের শ্রমিকরা।
বন্দর সূত্রে জানা গেছে, ২০২৫-২৬ অর্থবছরে গোবরাকুড়া ও কড়ইতলী স্থলবন্দর দিয়ে প্রায় ৩৮ হাজার মেট্রিক টন কয়লা আমদানি করা হয়েছিল। এসব পণ্য আমদানির মাধ্যমে সরকার প্রায় দেড় কোটি টাকা রাজস্ব এবং ১৮ লাখ টাকা ভ্যাট পেয়েছে। ফলে বন্দর দুটি নিয়মিত সচল থাকলে সরকার যেমন রাজস্ব আয় বাড়াতে পারবে, তেমনি স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তবে দীর্ঘদিন আমদানি কার্যক্রম বন্ধ থাকায় ব্যবসায়ী ও শ্রমিকদের বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়েছে।
বন্দরের ট্রাফিক পরিদর্শক মো. হামিদুর রহমান বলেন, এ দুটি স্থলবন্দর দিয়ে ২৫ ধরনের পণ্য আমদানির সুযোগ থাকলেও বাস্তবে মূলত কয়লাই আমদানি হচ্ছে। একটি পণ্যের ওপর নির্ভরশীল থাকায় বন্দর ও ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এতে সরকার রাজস্ব পাবে এবং ব্যবসায়ী ও শ্রমিকদের জীবিকাও সচল থাকবে।
কড়ইতলী ও গোবরাকুড়া আমদানি-রফতানি গ্রুপের সাধারণ সম্পাদক অশোক সরকার অপু বলেন, প্রায় পাঁচ মাস বন্ধ থাকার পর বন্দর দুটি আবার চালু হয়েছে। দীর্ঘদিন কাজ না থাকায় শ্রমিকরা অপেক্ষায় ছিলেন। আমদানি শুরু হওয়ায় তাদের মধ্যে নতুন করে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে।
ব্যবসায়ী শামসুল আলম সামস বলেন, আগে প্রতিদিন নিয়মিত কয়লা আমদানি হতো। দিন শেষে অন্তত ৪০০ থেকে ৫০০ গাড়ি কয়লা পাওয়া যেত।
বন্দরের শ্রমিক রেফাজ উদ্দিন জানান, কাজ বন্ধ থাকলে তাদের সংসার চালাতে অনেক কষ্ট হয়। দীর্ঘদিন কর্মহীন থাকার পর আবার কাজ শুরু হওয়ায় তারা খুশি।
সময়ের আলো/প্রিন্ট/এনএন