
উপজেলার গোমদণ্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে এ ব্যতিক্রমী বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। ছবি : সময়ের আলো
উপজেলার গোমদণ্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে এ ব্যতিক্রমী বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। ছবি : সময়ের আলোদীর্ঘ ৩৫ বছরের শিক্ষকতা জীবনের অবসান। শেষ কর্মদিবসে সহকর্মী, শিক্ষার্থী ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় সিক্ত হলেন শিক্ষক বিপ্লব সরকার। সম্মাননা স্মারক, বই ও নানা উপহার হাতে নিয়ে গার্ড অব অনারের মধ্য দিয়ে তাকে জানানো হলো বিদায়। আর সেই বিদায়কে স্মরণীয় করে রাখতে সুসজ্জিত ঘোড়ার গাড়িতে করে বাড়ি পৌঁছে দেওয়া হলো প্রিয় শিক্ষককে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার গোমদণ্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে এ ব্যতিক্রমী বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। বিদ্যালয় পরিচালনা পর্ষদ, শিক্ষক-শিক্ষিকা এবং প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের আয়োজনে পুরো অনুষ্ঠানজুড়ে ছিল আবেগ ও ভালোবাসার আবহ।
সংবর্ধনা শেষে সুসজ্জিত ঘোড়ার গাড়িতে চড়ে বাড়ির উদ্দেশে রওনা হন বিপ্লব সরকার। দীর্ঘদিনের কর্মস্থল ছেড়ে যাওয়ার মুহূর্তটি উপস্থিত শিক্ষক-শিক্ষার্থী ও শুভাকাঙ্ক্ষীদের কাছে হয়ে ওঠে আবেগঘন।
১৯৯১ সালে পটিয়ার মুকুট নাইট উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতার মধ্য দিয়ে কর্মজীবন শুরু করেন বিপ্লব সরকার। ১৯৯৩ সালে যোগ দেন গোমদণ্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে। এরপর দীর্ঘ সময় ধরে এ বিদ্যালয়ে সিনিয়র শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। গত ২১ সেপ্টেম্বর বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব নেন তিনি। মঙ্গলবার ৩৫ বছরের শিক্ষকতা জীবনের ইতি টেনে অবসরে যান।
বিদ্যালয়ের হলরুমে আয়োজিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি শওকত আলম। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান ফারুক। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সোহেলী নৌশীন প্রত্যাশা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সালমা ইসলাম।
বিদায়ী বক্তব্যে নিজের পারিবারিক ও কর্মজীবনের স্মৃতিচারণ করেন বিপ্লব সরকার। জানান, তার বাবা ছিলেন আর্থিকভাবে অসচ্ছল। বাবার একটি দর্জির দোকান ছিল। দুই ভাইবোনের দুজনই শিক্ষকতা পেশায় যুক্ত হয়েছেন।
দীর্ঘ শিক্ষকতা জীবন সুস্থভাবে শেষ করতে পারায় সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। দায়িত্ব পালন করতে গিয়ে অজান্তে কারও মনে কষ্ট দিয়ে থাকলে ক্ষমা চান।
বিপ্লব সরকার বলেন, প্রধান শিক্ষক আর ব্যক্তি বিপ্লব সরকার কিন্তু এক নয়। প্রধান শিক্ষকের চেয়ারে বসে দায়িত্ব পালন করতে গিয়ে অনেক কিছু করতে হয়। অজান্তে কারও মনে কষ্ট দিয়ে থাকলে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি।
শিক্ষকতা জীবনে নানা প্রতিকূলতার মধ্য দিয়ে দায়িত্ব পালন করতে হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ইচ্ছা থাকা সত্ত্বেও পরিস্থিতির কারণে অনেক কাজ করতে পারেননি।
৩৫ বছরের কর্মজীবনের শেষ দিনে ঘোড়ার গাড়িতে বাড়ি ফেরার এই আয়োজন শুধু বিদায় নয়, বরং একজন শিক্ষকের প্রতি শিক্ষার্থী, সহকর্মী ও প্রতিষ্ঠানের ভালোবাসা ও শ্রদ্ধার এক ব্যতিক্রমী প্রকাশ হয়ে থাকল।
সময়ের আলো/এনএন