প্রকাশ: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৯:৩৪ পিএম আপডেট: ২৩.১১.২০২৬ ৯:৩৭ পিএম
মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন, চালক-হেলপার পুলিশি হেফাজতে । ছবি : সংগৃহীত রাজধানীর মিরপুর-১ নম্বরে বসুমতি পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় বাসটির চালক ও হেলপারকে মারধরের পর উদ্ধার করে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। তবে আগুনের ঘটনায় কেউ হতাহত হননি।
সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মিরপুর-১ নম্বরে সনি সিনেমা হলের সামনে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বাসে আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মিরপুর-১ নম্বরে একটি বাসে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ইউনিট পাঠানো হচ্ছে।
শাহ আলী থানার উপপরিদর্শক (এসআই) ইকবাল হোসেন জানান, দুর্বৃত্তরা বসুমতি পরিবহনের বাসটিতে আগুন দেয়। এ সময় স্থানীয় বিএনপির নেতাকর্মীরা বাসটির চালক ও হেলপারকে মারধর করছিলেন। পরে পুলিশ তাদের উদ্ধার করে হেফাজতে নেয়।
এসআই ইকবাল হোসেন আরও জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কারা এবং কী কারণে বাসটিতে আগুন দিয়েছে, তা প্রাথমিকভাবে জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
সময়ের আলো/এসকে