ঝিনাইদহের কালীগঞ্জের কালীগঞ্জ-গান্না সড়কের বাঘমারা ব্রিজ এলাকায় গাছ কেটে সড়ক অবরোধ করে ডাকাতির ঘটনা ঘটে। ছবি : সময়ের আলোঝিনাইদহের কালীগঞ্জে অসুস্থ প্রসূতিকে বহন করা অ্যাম্বুলেন্সে ডাকাতির ঘটনা ঘটেছে। রোববার ভোরে কালীগঞ্জ-গান্না সড়কের বাঘমারা ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। ডাকাতেরা প্রসূতির পেটেও অস্ত্র ধরে। আতঙ্কিত ওই প্রসূতি এক পর্যায়ে অ্যাম্বুলেন্সেই সন্তান প্রসব করেন। তবে হাসপাতালে নেওয়ার পথেই মারা যায় নবজাতক।
এ ঘটনায় সোমবার (২৩ নভেম্বর) দুপুরে প্রসূতির স্বামী কালীগঞ্জ থানায় মামলা করেছেন। সন্দেহভাজন একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
প্রসূতি আফসারা তাসনীম (৩০) চুয়াডাঙ্গা শহরের পোস্ট অফিস পাড়ার চিকিৎসক আবদুল্লাহ আল নোমানের স্ত্রী। তিনি সাত মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। শনিবার রাতে অসুস্থ হয়ে পড়লে উন্নত চিকিৎসার জন্য তাসনীমকে চুয়াডাঙ্গা থেকে যশোরে নেওয়া হচ্ছিল। অ্যাম্বুলেন্সে ছিলেন প্রসূতির স্বামী, মা, শাশুড়ি, বড় ছেলে ও একজন নার্স।
ঘটনার বিবরণ দিয়ে প্রসূতির স্বামী আবদুল্লা আল নোমান জানান, অন্তঃসত্ত্বা স্ত্রী ও পরিবারের আরও তিন সদস্যকে নিয়ে চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্সে করে যশোর যাচ্ছিলেন তিনি। পথে কালীগঞ্জের গান্না-নীমতলা সড়কের সিংদহ গ্রামে পৌঁছালে সড়কের পাশের গাছ কেটে রাস্তায় ফেলে ব্যারিকেড দেয় সাত-আটজনের একটি ডাকাত দল। তারা অ্যাম্বুলেন্সটির গতিরোধ করে প্রসূতির স্বামী, মা ও শাশুড়ির কাছে থাকা প্রায় এক লাখ টাকা, মোবাইল ফোন ও স্বর্ণালংকার ছিনিয়ে নেয়।
তিনি আরও জানান, ডাকাতির সময় তার স্ত্রী ভীষণভাবে আতঙ্কিত হয়ে পড়েন এবং সেই ভয়ের মধ্যেই অ্যাম্বুলেন্সের ভেতরে সন্তান প্রসব করেন। এর কিছুক্ষণ পরই ভূমিষ্ঠ হওয়া নবজাতকটির মৃত্যু হয়। পরবর্তীতে জরুরি সেবা ৯৯৯-এ ফোন করা হলে পুলিশের একটি দল ঘটনাস্থলে এসে বিষয়টি জেনে চলে যায়।
ঝিনাইদহ সদর উপজেলার বেতাই চন্ডিপুর পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) হাসান আলী জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন এবং বিস্তারিত বিষয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছেন।
ঝিনাইদহের কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুলফিকার আলী বলেন, আবদুল্লাহ আল নোমানের করা এজাহার দস্যুতার মামলা হিসেবে নেওয়া হয়েছে। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আশা করছি, অচিরেই পুরো ডাকাত দলকে আটক করা যাবে।
অন্যদিকে, ঝিনাইদহ পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান ডাকাতির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রসূতির নবজাতক শিশুটি মারা গেছে বলে তিনি শুনেছেন। ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ইতোমধ্যে জেলা পুলিশ ও গোয়েন্দাদের একাধিক দল মাঠে কাজ শুরু করেছে। ভুক্তভোগীদের কালীগঞ্জ থানায় মামলা করার পরামর্শ দেওয়া হয়েছে এবং দ্রুততম সময়ের মধ্যে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
সময়ের আলো/আতা