প্রকাশ: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ১১:০৮ পিএম

ভারতীয় মদসহ সাবেক ছাত্রদল নেতা গ্রেফতার। ছবি : সময়ের আলো
ভারতীয় মদসহ সাবেক ছাত্রদল নেতা গ্রেফতার। ছবি : সময়ের আলোশেরপুরের নালিতাবাড়ীতে ৩৫ বোতল ভারতীয় মদসহ ছাত্রদলের সাবেক নেতা ও এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাত দেড়টার দিকে উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের পলাশিকুড়া গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন নালিতাবাড়ী উপজেলার আন্ধারুপাড়া বারমারী বাজার এলাকার মৃত সাবিজল হকের ছেলে রাকিব হোসেন স্বাধীন (২৮) এবং পলাশিকুড়া গ্রামের আবুল কালাম আজাদের ছেলে রকিব হোসেন (৩১)। স্বাধীন জেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক বলে জানা গেছে।
নালিতাবাড়ী থানার ওসি কামাল হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে উদ্ধার করা মদ তারা কোথা থেকে সংগ্রহ করেছিলেন এবং কোথায় সরবরাহের উদ্দেশ্য ছিল সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি। ওসি জানান, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। মাদক কেনাবেচা ও সরবরাহের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বারমারী বাজারের পশ্চিম পাশে পলাশিকুড়া গ্রামে রকিব হোসেনের বাড়িতে অভিযান চালায় নালিতাবাড়ী থানা-পুলিশ। শনিবার রাত দেড়টার দিকে পরিচালিত এ অভিযানে বাড়ি থেকে ৩৫ বোতল ভারতীয় মদসহ স্বাধীন ও রকিবকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
সময়ের আলো/আতা