তাজরীনের আগুন নিভেছে ১৪ বছর আগে, নেভেনি শ্রমিকদের যন্ত্রণা

জয় দাস

সারাদেশ

একটি আগুনে মুহূর্তেই নিভে গিয়েছিল ১১৭টি প্রাণ। আহত হয়েছিলেন দুই শতাধিক শ্রমিক। ১৪ বছর পেরিয়ে গেলেও সেই আগুনের ক্ষত বয়ে

2026-11-24T05:20:44+00:00
2026-11-24T05:20:44+00:00
 
  মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬,
১০ অগ্রহায়ণ ১৪৩৩
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
সারাদেশ
তাজরীনের আগুন নিভেছে ১৪ বছর আগে, নেভেনি শ্রমিকদের যন্ত্রণা
জয় দাস
প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ৫:২০ এএম 
তাজরীন ট্র্যাজেডির ১৪ বছর। ছবি : সংগৃহীত
একটি আগুনে মুহূর্তেই নিভে গিয়েছিল ১১৭টি প্রাণ। আহত হয়েছিলেন দুই শতাধিক শ্রমিক। ১৪ বছর পেরিয়ে গেলেও সেই আগুনের ক্ষত বয়ে বেড়াচ্ছেন বেঁচে ফেরা শ্রমিকেরা। কেউ শরীরে বয়ে বেড়াচ্ছেন স্থায়ী আঘাত, কেউ হারিয়েছেন কাজ করার সক্ষমতা। কারও সংসারে আজও অভাব, কারও জীবনে স্বজন হারানোর শূন্যতা। যাদের শ্রমে সচল ছিল কারখানা, তাদের অনেকেরই এখন দিন কাটে অন্যের সহায়তায়। এত বছর পরও মেলেনি কাঙ্ক্ষিত ক্ষতিপূরণ ও পুনর্বাসন। থমকে আছে তাজরীন ফ্যাশনস অগ্নিকাণ্ডের বিচারও।

২০১২ সালের ২৪ নভেম্বর সন্ধ্যায় ঢাকার অদূরে সাভারের আশুলিয়ার নিশ্চিন্তপুরে তাজরীন ফ্যাশনস লিমিটেডের কারখানায় আগুন লাগে। ২০০৯ সালে চালু হওয়া কারখানাটিতে তখন কাজ করতেন প্রায় ১ হাজার ৬৩০ শ্রমিক। নয়তলা ভবনটিতে তৈরি হতো টি-শার্ট, পোলো শার্ট ও জ্যাকেট। বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানের জন্যও পোশাক তৈরি করত কারখানাটি। নয়তলা ভবনের নিচতলার তুলা ও কাপড়ের গুদাম থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই ধোঁয়া ও আগুন ছড়িয়ে পড়ে ওপরের তলাগুলোতে। প্রাণ বাঁচাতে অনেক শ্রমিক ভবন থেকে লাফ দেন। আগুনে পুড়ে ও ওপর থেকে পড়ে ১১৭ জন শ্রমিকের মৃত্যু হয়। আহত হন দুই শতাধিক। 

বেঁচে ফেরা শ্রমিকদের অভিযোগ, আগুন লাগার পর ফায়ার অ্যালার্ম বেজে উঠলেও কারখানা কর্তৃপক্ষ সেটিকে নিয়মিত মহড়া বলে তাদের কাজে ফিরে যেতে বলে। একপর্যায়ে বের হওয়ার পথ বন্ধ করে দেওয়া হয়। ফলে অনেক শ্রমিক ভবনের ভেতরে আটকা পড়েন। আগুনের লেলিহান শিখা আর ধোঁয়ার মধ্যে প্রাণ বাঁচাতে কেউ কেউ ওপর থেকে লাফ দেন। পরদিন উদ্ধার হওয়া মরদেহের মধ্যে অজ্ঞাতনামা অনেককে রাজধানীর জুরাইন কবরস্থানে দাফন করা হয়।  

আগুন থেকে বেঁচে ফিরলেও অনেক শ্রমিকের কাছে জীবন আর আগের মতো নেই। ভবন থেকে লাফিয়ে পড়ে কারও মেরুদণ্ড, কারও হাত-পা, আবার কারও মাথায় গুরুতর আঘাত লাগে। কেউ স্থায়ী শারীরিক প্রতিবন্ধকতা নিয়ে বেঁচে আছেন, কেউ আর আগের মতো কাজ করতে পারেন না। উপার্জনের পথ বন্ধ হয়ে যাওয়ায় অনেক পরিবারের জীবনে নেমে এসেছে অনিশ্চয়তা। একদিকে চিকিৎসার ব্যয়, অন্যদিকে সংসার চালানোর চাপ—দুইয়ের সঙ্গে প্রতিদিন লড়তে হচ্ছে তাদের।

আহত শ্রমিকদের একজন নাসিমা আক্তার। অগ্নিকাণ্ডের পর থেকে শারীরিক অসুস্থতার কারণে স্বাভাবিকভাবে কাজ করতে পারেন না তিনি। সেই দিনের স্মৃতি আর বর্তমানের কষ্টের কথা বলতে গিয়ে নাসিমা বলেন, ‘সে দিনের অগ্নিকাণ্ডের ঘটনা সবাই ভুলতে পারলেও আমরা ভুলতে পারব না। সেদিনের কষ্ট, যন্ত্রণা ও বেদনা আমরা এখনো টের পাই। এখন আমি শারীরিকভাবে অসুস্থ, কাজ করতে পারি না। কোনোভাবে জোড়াতালি দিয়ে সংসার চলছে।’

তাজরীন ট্র্যাজেডির ১৪ বছর। ছবি : সংগৃহীত

তাজরীন ট্র্যাজেডির ১৪ বছর। ছবি : সংগৃহীত


নাসিমার মতো অনেক শ্রমিকেরই দিন কাটছে কষ্টে। শ্রমিকদের অভিযোগ, দুর্ঘটনার পর বিভিন্ন সময়ে ক্ষতিপূরণ ও পুনর্বাসনের আশ্বাস দেওয়া হলেও অনেকেই প্রয়োজনীয় সহায়তা পাননি। তাদের দাবি, আহত শ্রমিকদের দীর্ঘমেয়াদি ও বিশেষায়িত চিকিৎসা, বিকল্প কর্মসংস্থান এবং স্থায়ী আবাসনের ব্যবস্থা করতে হবে। নিহত শ্রমিকদের পরিবারকেও দিতে হবে যথাযথ ক্ষতিপূরণ ও সামাজিক সুরক্ষা, যাতে স্বজন হারানোর শোকের সঙ্গে তাদের দারিদ্র্যের লড়াইও করতে না হয়।


তাজরীন ফ্যাশনসের অগ্নিকাণ্ডের পরদিন আশুলিয়া থানার তৎকালীন উপপরিদর্শক খায়রুল ইসলাম মামলা করেন। তদন্ত শেষে ২০১৩ সালের ২২ ডিসেম্বর পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) কারখানার ব্যবস্থাপনা পরিচালক দেলোয়ার হোসেন, চেয়ারম্যান মাহমুদা আক্তার মিতাসহ ১৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। ২০১৫ সালের ৩ সেপ্টেম্বর দণ্ডবিধির ৩০৪ ও ৩০৪-ক ধারায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার শুরু হয়।

কিন্তু অভিযোগ গঠনের পরও মামলার বিচার এগিয়েছে ধীরগতিতে। ঢাকার প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে চলা এ মামলায় ১০৪ জন সাক্ষীর মধ্যে এখন পর্যন্ত সাক্ষ্য দিয়েছেন মাত্র ১৯ জন। অভিযুক্ত ব্যক্তিরাও রয়েছেন জামিনে। 

এভাবে বছরের পর বছর পেরিয়ে গেলেও বিচার শেষ না হওয়ায় ক্ষোভ রয়েছে শ্রমিক ও তাদের স্বজনদের মধ্যে। তাদের কাছে বিচার শুধু অপরাধের শাস্তি নিশ্চিত করার বিষয় নয়, দীর্ঘদিনের অপেক্ষা ও বঞ্চনার অবসানেরও প্রত্যাশা।

শ্রমিক সংগঠনগুলোর নেতারা বলছেন, তাজরীন ও রানা প্লাজা ট্র্যাজেডির পর কর্মক্ষেত্রে নিরাপত্তা এবং শ্রমিকদের ক্ষতিপূরণ নিয়ে নানা উদ্যোগ নেওয়া হলেও তাজরীনের ক্ষতিগ্রস্ত শ্রমিকদের অনেকেই সেই সুবিধার বাইরে রয়ে গেছেন। তাদের দাবি, আহত শ্রমিক ও নিহতদের পরিবারের জন্য এককালীন সহায়তার পাশাপাশি দীর্ঘমেয়াদি আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

শ্রমিক সংগঠনগুলোর পক্ষ থেকে দ্রুত বিচার শেষ করা, আহত শ্রমিকদের সুচিকিৎসা ও পুনর্বাসন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর যথাযথ ক্ষতিপূরণ এবং ২৪ নভেম্বরকে জাতীয় গার্মেন্ট শ্রমিক শোক দিবস ঘোষণার দাবিও জানানো হয়েছে বারবার। 

তাজরীন ট্র্যাজেডির ১৪ বছর। ছবি : সংগৃহীত

তাজরীন ট্র্যাজেডির ১৪ বছর। ছবি : সংগৃহীত


১৪ বছর আগে তাজরীনের আগুন নিভেছে। কিন্তু সেই আগুনে হারিয়ে যাওয়া মানুষগুলোর শূন্যতা তাদের পরিবারের জীবনে এখনো রয়ে গেছে। যারা প্রাণে বেঁচে ফিরেছেন, তাদের অনেকের কাছে প্রতিটি দিনই নতুন করে বেঁচে থাকার সংগ্রাম। শরীরের ক্ষত, সংসারের অভাব আর বিচারের অপেক্ষা—সব মিলিয়ে তাজরীন ট্র্যাজেডি তাদের জীবনে আজও এক দুঃসহ বাস্তবতা। আগুনের সেই রাত পেছনে পড়ে থাকলেও তার যন্ত্রণা পেছনে ফেলে আসতে পারেননি তারা। 


সময়ের আলো/জেডি 
  বিষয়:   সাভার  তাজরীন ট্র্যাজেডি  আগুন  শ্রমিক  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: