প্রকাশ: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ১১:৩৫ পিএম
বোরকা পরা পাঁচজন দুর্বৃত্ত চুঁরখারহাট বাজার মোড়ে এসে এলোপাতাড়ি গুলি চালায়। ছবি : সময়ের আলোচট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুয়াবিলে দুর্বৃত্তদের অতর্কিত গুলিবর্ষণে ছয়জন আহত হয়েছেন। সোমবার (২৩ নভেম্বর) রাতে সুয়াবিল ইউনিয়নের চুঁরখারহাট বাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত সিএনজিচালিত অটোরিকশার চালককে আটক করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ৮টার দিকে পশ্চিম সুয়াবিল শোভনছড়ির দিক থেকে একটি সিএনজি অটোরিকশায় করে বোরকা পরা চার-পাঁচজন দুর্বৃত্ত চুঁরখারহাট বাজার মোড়ে আসে এবং এলোপাতাড়ি গুলিবর্ষণ শুরু করে। একপর্যায়ে তারা উত্তরে চৌমুহনীর দিকে চলে যায়। সেখানেও অটোরিকশা থেকে ফাঁকা গুলি ছুড়ে দুর্বৃত্তরা হালদা নদী পার হয়ে সুন্দরপুরের দিকে এগিয়ে যায়। এ ঘটনায় পথচারী, ব্যবসায়ী ও চালকসহ অন্তত ছয়জন আহত হন।
আহতরা হলেন জামাল উদ্দিন (৪৫), শওকত হোসেন (৩৫), মো. ইসমাইল (৩২), এনাম মুন্সি (৫৩), মো. ইউসুফ (৫৫) এবং হাসেম (৩৫)। তারা সবাই সুয়াবিল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এবং কয়েকজনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
ঘটনার পরপরই অটোরিকশাচালক মো. জাবেদ হোসেনকে আটক করে স্থানীয়রা। জাবেদ হোসেন হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের সাহাব মিয়ার ছেলে।
আটক চালকের ভাষ্যমতে, নাজিরহাট ঝংকার মোড় থেকে সুয়াবিল শোভনছড়ি যাওয়ার কথা বলে পাঁচজন অপরিচিত ব্যক্তি অটোরিকশাটি রিজার্ভ ভাড়া নেয়। চুঁরখারহাট বাজারে পৌঁছানোর পর তারা ভেতরে বসেই এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে এবং তাকে জিম্মি করে গাড়ি নিয়ে চৌমুহনীর দিকে যেতে বাধ্য করে। পাঁচজনই অস্ত্রধারী হওয়ায় তিনি অসহায়ের মতো তাদের নির্দেশ মানতে বাধ্য হন বলে জানান।
এ বিষয়ে ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে এবং বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। অটোরিকশা ও এর চালককে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ শেষে প্রকৃত অপরাধীদের শনাক্ত করা সম্ভব হবে।
সময়ের আলো/আতা