প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ৫:২৯ এএম
আ. লীগের কাছে তথ্য পাচারের অভিযোগে বিএনপি নেতার পদ স্থগিত। ছবি : সংগৃহীত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের কাছে দলীয় তথ্য পাচার এবং শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নারায়ণগঞ্জের ফতুল্লা থানা বিএনপির কোষাধ্যক্ষ ও কুতুবপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি মো. তৈয়বুর রহমানের দলের প্রাথমিক সদস্যপদসহ সব পদ স্থগিত করা হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) রাতে ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বারী ভূঁইয়ার সই করা সাংগঠনিক আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়। আদেশে অবিলম্বে সিদ্ধান্ত কার্যকরের নির্দেশ দেওয়া হয়েছে।
সাংগঠনিক আদেশে বলা হয়, দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকা, বিএনপির সদস্য হয়েও আওয়ামী লীগের নেতাদের কাছে তথ্য পাচার এবং দলটির শীর্ষ নেতাদের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে তোলা ছবি থাকার অভিযোগে তৈয়বুর রহমানের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
এ বিষয়ে ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু বলেন, আওয়ামী লীগ সরকারের সাবেক সংসদ সদস্য ও মন্ত্রীসহ দলটির অনেক নেতার সঙ্গে তৈয়বুর রহমানের সুসম্পর্ক ছিল। নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের সঙ্গেও তাঁর ঘনিষ্ঠ সম্পর্ক ছিল বলে অভিযোগ করেন তিনি।
টিটু আরও বলেন, স্থানীয় আওয়ামী লীগের পলাতক নেতাদের কাছে বিএনপির তথ্য পাচারের অভিযোগও রয়েছে তৈয়বুর রহমানের বিরুদ্ধে। এসব বিষয় বিবেচনায় নিয়ে দলীয় সিদ্ধান্তে তার সব পদ স্থগিত করা হয়েছে।
সময়ের আলো/জেডি