প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ৯:৫১ এএম

ছবি : সময়ের আলো
ছবি : সময়ের আলোপিরোজপুর বেকুটিয়া সেতুতে মটরসাইকেল ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও চারজন আহত হয়েছেন। নিহতের নাম শান্ত (২৫)। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত চার জনের মধ্যে একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হলেও বাকি তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য খুলনায় পাঠানো হয়।
শান্ত পিরোজপুরের কাউখালী উপজেলার বেকুটিয়া এলাকার সতদর রায়ের ছেলে।
সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বেকুটিয়া ব্রিজের কাউখালী প্রান্তে এ দুর্ঘটনা ঘটে। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসের সহায়তায় আহতদের উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে আসেন।
আহতরা হলেন, কাউখালী উপজেলার পাঙ্গাসিয়া গ্রামের হায়দার আলীর ছেলে মো. মাহফুজুর রহমান (২৫), একই উপজেলার বাবর মাঝীর ছেলে সুনান মাঝী, শান্ত (২৩), সাজিদ (২৩) ও পিরোজপুর সদর উপজেলার মধ্যরাস্তা এলাকার মধুর ছেলে জয় (২৬)।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ২টি মটরসাইকেলে ৫ জন আরোহী কাউখালী যাচ্ছিলেন। মটরসাইকেল দুটি বেকুটিয়া ব্রিজের কাউখালী প্রান্তের কাছাকাছি গেলে বিপরীত দিক থেকে আসা একটি মালবোঝাই ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মোটরসাইকেলে থাকা ৫ জন ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসের সহায়তায় আহতদের উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে আসেন। ৪ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে উন্নত চিকিৎসার জন্য খুলনায় পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শান্তকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে পিরোজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ইনচার্জ যুগল বিশ্বাস জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দুর্ঘটনার খবর পান। ঘটনাস্থলে গিয়ে ২ জন গুরুতর আহত অবস্থায় দেখতে পান। পরে অ্যাম্বুলেন্সের মাধ্যমে তাদেরকে জেলা হাসপাতালে নিয়ে আসেন। এছাড়াও ৩ জন গুরুতর আহত হয়েছে বলে প্রত্যক্ষদর্শী সূত্রে তিনি জানতে পারেন।
পিরোজপুর জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) জানান, সন্ধ্যায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত চারজনকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে প্রথমে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে বাকি দুজনের অবস্থার অবনতি হলে তাদেরও প্রাথমিক চিকিৎসা শেষে খুলনায় পাঠানো হয়।
সময়ের আলো/জোই