প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ১১:৫১ এএম

সময়ের আলোর ফাইল ছবি
সময়ের আলোর ফাইল ছবিরাজবাড়ীর দৌলতদিয়া ৪ নম্বর ফেরিঘাটে নাব্যতা সংকটের কারণে টানা সাত দিন ধরে ফেরি চলাচল বন্ধ রয়েছে। এতে দৌলতদিয়া প্রান্তে ফেরি ভেড়ানোর সুযোগ কমে যাওয়ায় যানবাহন পারাপারে চাপ বেড়েছে। ভোগান্তিতে পড়ছেন যাত্রী ও চালকেরা। দ্রুত ঘাটটি চালুর দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে ঘাটটি বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ ফেরি চলাচল করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট শাখার সহকারী ব্যবস্থাপক বশির আহমেদ খান। তিনি বলেন, এখনো ৪ নম্বর ঘাট চালু করা সম্ভব হয়নি। সেখানে ড্রেজিংয়ের কাজ চলছে। ড্রেজারের পাইপ ছড়িয়ে-ছিটিয়ে থাকায় ঘাটে ফেরি ভিড়তে পারছে না। দ্রুত ঘাটটি চালুর চেষ্টা চলছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নদীতে পানি কমে যাওয়ায় দৌলতদিয়ার ৪ নম্বর ফেরিঘাট এলাকায় নাব্যতা সংকট দেখা দেয়। এ কারণে গত ১৮ নভেম্বর সকাল থেকে ঘাটটিতে ফেরি ভেড়ানো এবং যানবাহন ওঠানামা বন্ধ রাখা হয়। ঘাটটি সচল করতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) উদ্যোগে খননকাজ শুরু হয়।
বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন জানান, অগ্রহায়ণ মাসে নদীতে পানির পরিমাণ কমে যাওয়ায় ৪ নম্বর ঘাটে নাব্যতা সংকট তৈরি হয়েছে। এ কারণে সাময়িকভাবে ঘাটটি বন্ধ রাখা হয়েছে। ড্রেজিং শেষ হলে দ্রুতই ঘাট দিয়ে ফেরিতে যানবাহন ওঠানামা শুরু করা যাবে বলে আশা করছেন তিনি।
তিনি আরও জানান, দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে বর্তমানে ১০টি ফেরি চলাচল করছে। দৌলতদিয়া প্রান্তের সাতটি ঘাটের মধ্যে ৩ ও ৭ নম্বর ঘাট সচল রয়েছে। এই দুটি ঘাট দিয়েই যানবাহন পারাপার করা হচ্ছে। মঙ্গলবার সকালে যানবাহনের চাপ তুলনামূলক কম থাকায় ঘাটে কোনো গাড়িকে অপেক্ষা করতে হয়নি। যাত্রীবাহী বাস, ব্যক্তিগত গাড়ি, মাইক্রোবাস ও পণ্যবাহী ট্রাক সরাসরি ফেরিতে উঠতে পেরেছে।
বিআইডব্লিউটিএর ড্রেজিং বিভাগের আরিচা ড্রেজিং ডিভিশনের নির্বাহী প্রকৌশলী (পুর) হাছান আহমেদ বলেন, ৪ নম্বর ফেরিঘাট এলাকায় খননকাজ চলছে। প্রয়োজনীয় ড্রেজিং সম্পন্ন করতে আরও ৮ থেকে ১০ দিন সময় লাগতে পারে।
উল্লেখ্য, দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার সঙ্গে রাজধানীর যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ দৌলতদিয়া-পাটুরিয়া। এ নৌপথে ফেরিঘাটের সংখ্যা কমে গেলে যানবাহনের চাপ ও পারাপারে ভোগান্তি বাড়ার আশঙ্কা থাকে। এ কারণে দ্রুত ড্রেজিং শেষ করে ৪ নম্বর ঘাট চালুর দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।
সময়ের আলো/জোই